২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাগজপত্রে মালিক নন, তাই আসামি নন রানা

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের মামলায় আসামি করা হয়নি ভবনটির মালিক সোহেল রানাকে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 05:16 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

রোববার দুপুরে দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, ভবনটির মালিকানা সংক্রান্ত কাগজপত্রে রানার নাম না থাকায় তাকে আসামি করা হয়নি।

মামলায় রানার বাবা, মৃত মাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার কমিশনের নিয়মিত এক বৈঠকে এই মামলার অনুমোদন হয়।

সাভার মডেল থানার এএসপি শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটির তদন্ত করবে দুদক।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ভবনটির মালিকানার কাগাজপত্রে রানার নাম না থাকায় তাকে আসামি করা হয়নি।

গত বছর ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের চারদিন পর সোহেল রানার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক, যাকে ওই ভবনের মালিক বলেই চেনে সবাই।

পুলিশ কর্মকর্তা আরো জানান, দুদকের অনুসন্ধানে দেখা গেছে- বিভিন্ন ব্যাংকে প্রায় ২৩টি হিসাবের মাধ্যমে আর্থিক লেনদেন করতেন রানা। তার মালিকানায় রয়েছে সাভারে একটি পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি এবং রানা ব্রিকস ও এম কে ব্রিকস নামে দুটি ইটভাটা।

রানা প্লাজা ধসের চার দিন পর যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

দুদকের এ মামলার আসামিরা হলেন রানার বাবা আবদুল খালেক, রানার মা মৃত মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র রেফাত উল্লাহ, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক স্থপতি এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক আবদুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব আবুল বাশার, ওই ভবনের ভাড়াটে ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমসের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ এবং ইথার টেক্সের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান।