২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনের কললিস্ট পরীক্ষা হচ্ছে

কলকাতায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনের মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা করে দেখছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৈয়দ বশীর, কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 01:05 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

নূর হোসেনের কাছ থেকে জব্দ করা দুটি মোবাইল ফোন থেকে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কলকাতার এক গোয়েন্দা কর্মকর্তা।

এদিকে গ্রেপ্তারের পর নূর হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিলেও ওই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, পলাতক আটক ব্যক্তির সঙ্গে নূর হোসেনের সব বর্ণনাই মিলেছে।

তিনি বলেন, “গতরাতে আমরা বাগুইহাটি থেকে যাকে গ্রেপ্তার করেছি, তার সঙ্গে নূর হোসেনের বর্ণনা মিলে গেছে। আমরা নিশ্চিত যে আমরা সঠিক ব্যক্তিকেই ধরতে পেরেছি।”

নারায়ণগঞ্জের পলাতক এই কাউন্সিলর সম্পর্কে সব তথ্য ইন্টারপোল থেকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে পাঠানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী বাগুইহাটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে।এ সময় তার কাছে দুটি মোবাইল ফোন ছাড়াও একটি রিভলভার পাওয়া যায়।

ওই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, শনিবার গ্রেপ্তারের সময় নূর হোসেনের কাছে পাওয়া দুটি মোবাইল ফোনেরই সিম পরীক্ষা করে দেখা হচ্ছে।

“এর মাধ্যমে তিনি কতদিন ধরে কলকাতায় আছেন, তা আমরা নিশ্চিত হতে পারবো। একই সঙ্গে এখানে এবং বাংলাদেশে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন তাও জানা যাবে।

“এতে বাংলাদেশি অপরাধীদের এখানে কারা আশ্রয় দেয় শুধু তাদের সম্পর্কেই জানা যাবে না, বাংলাদেশে খুনের অভিযোগে তাকে যে খোঁজা হচ্ছিল সেটা নিশ্চিত হতেও আমাদের জন্য সহায়ক হবে।”

পশ্চিমবঙ্গের পুলিশ সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“নূর হোসেনকে নিরাপদে অবস্থান করার সুযোগ কারা করে দিয়েছে, সেটা জানতে পারাটা হবে দারুণ একটা ব্যাপার।”

এদিকে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার দুপুরে তাকে চব্বিশ পরগনার আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়ার কথা রয়েছে।

নারায়ণগঞ্জের সাত খুনের বিচারের জন্য নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “এটি উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের বিষয়। তার (নূর হোসেন) ব্যাপারে ইন্টারপোলের পক্ষ থেকে রেড নোটিস থাকলেও শিগগিরই তাকে ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা আমি দেখছি না।”

এর আগে বাংলাদেশের পুলিশ নূর হোসেনের কোষাধ্যক্ষ হিসেবে পরিচিত হাসমত আলী হাসুকে যশোর থেকে গ্রেপ্তার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিষয়টি স্বীকার করেননি।

ধারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গে নূর হোসেনের সঙ্গে যোগ দিতেই হাসু পালানোর চেষ্টা করছিল। বাংলাদেশ থেকে কলকাতায় আসার সময় নূর হোসেনও একই রুট ব্যবহার করে থাকতে পারেন।

পুরনো খবর:

নূর হোসেনকে ফেরত ‘আনা হচ্ছে’