পিরোজপুরে পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ভাংচুর
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ভাংচুর করেছে স্থানীয়রা।
শনিবার দুপুরে থানা সড়কে পল্লীবিদ্যুৎ কার্যালয়ে এ হামলা চালানো হয়।
স্বরূপকাঠী থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার বেলা ১২টা পর্যন্ত স্বরূপকাঠীতে বিদ্যুৎ না থাকায় বেলা সাড়ে ১২টার দিকে ওই হামলা হয়।
এ ব্যাপারে স্বরূপকাঠী পল্লীবিদ্যুতের প্রকৌশলী পরিমল চন্দ্র গাইন বলেন, হঠাৎ করেই গ্রাহকরা বিদ্যুৎ অফিসে এসে চড়াও হয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
বিদ্যুৎ লাইনের মেরামত কাজের জন্য কয়েক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছিল এবং এ অপ্রীতিকর ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
