২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে চুরি হওয়া গুলি কুমিল্লায় উদ্ধার

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের বাসভবনের গার্ড রুম থেকে চুরি যাওয়া কিছু গুলি কুমিল্লা থেকে উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এ সময় সুজন (১৮) নামে এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কুমিল্লা নগরীর তেলিকোনা থেকে সুজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সাকলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অভিযানন চালানো হয়।

সুজন খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেন জানান, গত শনিবার (৭ জুন) খাগড়াছড়ি জেলা জজ ও দায়রা জজের গার্ড রুম থেকে ৫০ রাউন্ড গুলি চুরি হয়।

ওই ঘটনার তদন্তে মোবাইল ফোন ট্র্যাকিং করে শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলা পুলিশ কুমিল্লার পুলিশের সহায়তায় কুমিল্লা নগরীর তেলিকোনা থেকে এক রাউন্ড গুলিসহ সুজনকে আটক করে।

পরে সুজনের স্বীকারোক্তি অনুযায়ী শনিবার সকাল ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শহীদ মিনারের পাশে লাল কাপড়ে মোড়া ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সুজন জানিয়েছেন- খাগড়াছড়ি জেলা ও দায়রা জজের বাস ভবনের গার্ড রুম থেকে চুরি হওয়া গুলি তার কাছে পাওয়া গেছে। গুলিগুলো তার ভগ্নিপতি আরিফ তার কাছে এনে রেখেছিল।

পুলিশ সুজনকে খাগড়াছড়ি নিয়ে যায় বলে জানান পুলিশ কর্মকর্তা।