বরিশালের বন্দরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গভীর রাতে আগুন লেগে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার রাত ১২টার দিকে উপজেলা বন্দর এলাকায় লাগা এ আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, রাত ৩টার দিকে আগুন নেভানো হয়েছে। তার আগেই পুড়ে ছাই হয়েছে ওই এলাকার অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি।
অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কানাই ডাক্তারের চেম্বারে বৈদ্যুতিক মিটারে বিষ্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই চেম্বার থেকে আগুন ছড়িয়ে পরে ডাক্তারের বসতঘরে।
বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান ডাকুয়া বলেন, পাশাপাশি একাধিক দোকানঘর ও বসতবাড়ি থাকায় আগুন দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পরে।
খবর পেয়ে বরিশাল ও নলছিটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পটুয়াখালী ও ঝালকাঠী থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
