২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দস্যুদের আস্তানায় ‘দাসের মতো’ ছিলেন তারা

সোমালি জলদস্যুরা বন্দিদের সঙ্গে দাসের মতো আচরণ করত বলে জানালেন মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিকরা।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 11:28 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

সাড়ে তিন বছর সোমালিয়া উপকূলে বন্দি জীবন কাটানো এই বাংলাদেশিরা বলেন, ইচ্ছা হলেই তাদের মারধর করত জলদস্যুরা।

সমুদ্র পথে আতঙ্ক হয়ে দেখা দেয়া সোমালি জলদস্যুদের হাতে ২০১০ সালে ধরা পড়া এই নাবিকরা সাত দিন আগে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার বাংলাদেশে ফেরেন।

শুক্রবার রাজধানীর উত্তরায় মেরিনো হোটেল এক সংবাদ সম্মেলনে বন্দিজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন তারা। বলেন কিভাবে তারা ধরা পড়েছিলেন, কিভাবে তাদের রাখা হত, কোন অবস্থায় তারা মুক্তি পেলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মতারা ছাড়াও নাবিকদের মুক্তিতে সহযোগিতা করে আসা মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ান রেসপন্স প্রোগ্রামের (এমপিএইচআরপি) কর্মকর্তারাও ছিলেন এই সংবাদ সম্মেলনে।

সোমালি জলদস্যুদের কবল থেকে সাধারণত বন্দিদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা হলেও এদের জন্য কোনো মুক্তিপণ দেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

২০১০ সালে আমিরাত থেকে কেনিয়া যাওয়ার পথে মালয়েশিয়ার পতাকাবাহী এমভি আলবেডো ভারত মহাসাগরে ছিনতাই হওয়ার এই সাত বাংলাদেশিসেহ ২৩ নাবিক জাহাজটিতে ছিলেন।

প্রথম আক্রমণের বর্ণনা দিয়ে নাবিক আমিনুল ইসলাম বলেন,তিন জন সোমালি দস্যু হাতে একে-৪৭ বন্দুক নিয়ে গুলি করতে করতে একটি স্পিডবোট নিয়ে তাদের জাহাজের পেছনে আসে। তারপর স্টিলের মই দিয়ে জাহাজে উঠে পড়ে।

“আমরা সবাই ভয়ে জাহাজের দরজা জানালা বন্ধ করে রেখেছিলাম। জাহাজের নিয়ন্ত্রণ নেয়ার পরপরই তারা উল্লাস করে বন্দুক উঁচিয়ে বলেছিল-‘লেটস গো টু সোমালিয়া’।”

মুক্তি পাওয়া লিমন সরকার বলেন, প্রথমে জাহাজের মালিকের কাছে মুক্তিপণ হিসেবে প্রায় ২০ মিলিয়ন ডলার চায় জলদস্যুরা। চার মাস এ নিয়ে দরকষাকষি চলার পর হঠাৎ একদিন জাহাজ মালিক তার মোবাইল ফোন বন্ধ করে দেন।

“আমরা কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। এজন্য দস্যুরা আমাদের হাত-পা বেঁধে প্রচণ্ড মারধরও করে।”

মালয়েশিয়ার পতাকাবাহী এই জাহাজের ইরানি মালিককে না পেয়ে প্রায় পাঁচ মাস পর বন্দি নাবিকদের পরিবারের কাছে টেলিফোন করতে শুরু করে জলদস্যুরা।

“কপালে বন্দুক ঠেকিয়ে বেদম পেটানোর পর স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলিয়ে দিত তারা,” বলেন লিমন।

বন্দি অবস্থায় অধিকাংশ সময়ই জাহাজে কাটাতে হয়েছে এই নাবিকদের। এরপর নিয়ে তোলা হয়েছিল সোমালিয়ার আমারা নামের একটি দ্বীপে।

নাবিকরা জানান, সেখানে বিদেশি প্রকৌশলীরা দস্যুদের জন্য মাটির এক কক্ষের ঘর বানিয়ে দিতো। ঘরের ছাদ ছিল পাতলা টিনের তৈরি। কথা বোঝানোর জন্য দোভাষীও থাকত।  

প্রত্যেক ঘরে ছিল আলাদা করে রান্না করার জন্য চুলা, ছোট দরজা আর জানালা। প্লাস্টিকের কয়েকটি বাটিতে নিজেরা রান্না করে খেতেন বন্দিরা। জলদস্যুদের জন্যও খাবার রান্না করতে হত বলে জানান লিমন।

মুক্তি পাওয়া নাবিক জাকির হোসেন বলেন, “রাজু নামের এক ভারতীয়কে গুলি করে হত্যা করে ডাকাতরা। রাজুর লাশটি তার পরিবারকে অক্ষত পাঠাতে তা দেড় বছরের বেশি সময় ফ্রিজে রাখা হয়েছিল। আমাদের দিয়ে তারা রক্ত মাখা লাশ টানায়। আমাদের বোঝাতে চাইত,টাকা না পেলে আমাদেরই একই দশা হবে।”

সাড়ে তিন বছর পর মুক্তির উচ্ছ্বাস ফুটে উঠল আবুল কাশেমের কথায়।

“বিশ্বাসই হচ্ছিল না আমরা মুক্ত হয়েছি। আবার ফিরে যেতে পারব দেশে, পরিবারের কাছে। আনন্দে বুকটা ভরে আসছিল। কান্না চলে আসছিল।”

সংবাদ সম্মেলনের পর এমপিএইচআরপি পরিচালক চেরাগ বাহারি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক বছর ধরে বাংলাদেশি সাত নাবিকের পরিবারকে প্রত্যেক মাসে ২০০ ডলার অর্থ সাহায্য করে আসছিলেন তারা।

“আমরা সমুদ্রে দস্যুদের কবলে পড়া নাবিকদের মুক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে আন্তরিক চেষ্টা করেছিলাম।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত রিয়াল এডমিরাল খুরশিদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা ও জাতিসংঘের প্রচেষ্টায় সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে সাত বাংলাদেশিকে মুক্ত করে আনা সম্ভব হয়েছে।

“বাংলাদেশিদের মুক্ত করতে দস্যুদের কোনো মুক্তিপণ দিতে হয়নি। তবে দস্যুরা বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করেছিল।”

এমপিএইচআরপি পরিচালক মুক্ত এই নাবিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

“সরকার তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করবে,” বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা খুরশিদ আলম।

পুরনো খবর:

‘কখনো ভাবিনি দেশে ফিরতে পারবো’
অপহরণের সাড়ে ৩ বছর পর ফিরেছেন সাত নাবিক
এবার ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড