আইনজীবী প্যানেল করল ইসি
প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনার জন্যে আটজন আইনজীবী ও একটি ল’ফার্মকে নিয়ে এ ‘প্যানেল এডভোকেট’ বাছাই করেছে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন সাংবিধানিক এই প্রতিষ্ঠান।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, তালিকাভুক্ত হতে দুই দফা আবেদন আহ্বানের পর ২২ জন আইনজীবী ও দুটি ল’ফার্ম-এর সাড়া পায় ইসি। তাদের মধ্য থেকে অভিজ্ঞতা পর্যালোচনা করে প্যানেল চূড়ান্ত করা হয়েছে।
“ইসির চাহিদা মতো অভিজ্ঞদেরকেই পেয়েছি। আগামীতে ইসির পক্ষে মামলা পরিচালনার সুবিধার্থে প্রথমবারের মতো প্যানেল এডভোকেট চূড়ান্ত করেছি আমরা।”
এই প্যানেলে রয়েছেন- সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খালেদ আহমেদ, মো. বাবর আলী, শাহদীন মালিক, শাহ মো. সিরাজুল হক, মো. শামসুল হক, মো. তৌহিদুল ইসলাম, মো. ওবায়দুর রহমান মোস্তফা ও মোহাম্মদ ইয়াসিন খান।
এছাড়া ল’ফার্ম লেক্স কাউন্সিলকে চূড়ান্ত করা হয়েছে। এই ফার্মের পক্ষে রয়েছেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব।
অতীতে কোনো কোনো মামলা পরিচালনায় আইনজীবীদের শরণাপন্ন হয়েও সাড়া পায়নি ইসি। তা নিরসনে ২০১২ সালে প্রথমবারের মতো প্যানেল আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় কমিশন।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত মামলা ছাড়াও নির্বাচন নিয়ে অনেক আইনি জটিলতার মুখোমুখি হতে হয় ইসিকে। এছাড়া নির্বাচনী কার্যক্রম নিয়ে নানা সময়ে আদালতের নির্দেশনাও আসে। সঠিক প্রক্রিয়ায় আইনি মোকাবেলা করতে না পারলে বিপাকে পড়তে হয় কমিশনকে।
এক্ষেত্রে প্যানেল আইনজীবীরা মামলা পরিচালনায় ভূমিকা রাখবে বলে জানান ইসি কর্মকর্তারা।
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন শাখা) মুহাম্মদ মোশাররফ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতোমধ্যে প্যানেলের চার-পাঁচ জন আইনজীবীকে মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।
আইনজীবীদের মাসিক বা বাৎসরিক কোনো ফি দেয় না ইসি। মামলা পরিচালনার ভিত্তিতেই অর্থ পরিশোধ করা হয়।
কখনো প্রয়োজন হলে প্যানেলের বাইরে যে কোনো আইনজীবীকেও মামলা পরিচালনায় অনুরোধ ইসি জানাতেস পারে বলে মোশাররফ জানান।
