ফরমালিনযুক্ত ৫ হাজার মণ ফল ধ্বংস
রাজধানীতে চেকপোস্ট বসিয়ে পুলিশের ফরমালিন বিরোধী অভিযানের দ্বিতীয় দিনে পাঁচ হাজার মণেরও বেশি ফরমালিনযুক্ত ফল ধ্বংস করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “ফরমালিনযুক্ত ফলের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয়দিনে পুলিশের অভিযানে প্রায় ৩ হাজার মণ আম, ৭৯৪ মণ জাম এবং ৫ লাখ ৬২ হাজার ১৩৫টি লিচু উদ্ধার করে তা ধ্বংস করে দেয়া হয়েছে।”
এছাড়াও ফরমালিন পাওয়ায় মাল্টা, পেঁপে, করমচা, ফলের জাড়িত রসও নষ্ট করা হয়েছে, যার ওজন ৩৫৫মণ বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “ধ্বংস করে দেয়া এসব ফলের মধ্যে আমে প্রায় ২ পিপিএম, পেঁপেতে ১৪৩ দশমিক ৯৪ পিপিএম এবং জামে ৫ দশমিক শূন্য ৭ মাত্রায় পিপিএম ফরমালিন পাওয়া যায়। এছাড়া পাল্পে ১৩৪ দশমিক ৩৮ পিপিএম মাত্রার ফরমালিন পাওয়া যায়।”
গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, “শহরবাসীকে যেন ফলে ফরমালিনের মতো বিষ গ্রহণ না করতে হয় সেজন্য পুলিশ সর্ব্বোচ্চ চেষ্টা করবে। ফরমালিনের ব্যবহার কোথায় অবৈধভাবে অনৈতিকভাবে হচ্ছে তা খুঁজে বের করতে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে।”
ফল ব্যবসায়ী, আড়তদার, উৎপাদনকারীদের সঙ্গে কথা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অধিক লাভের আশায় কেউ কারো জীবনকে বিপণ্ন করবে তা কখনোই মেনে নেয়া যায় না।”
তিনি বলেন, “যারা ফলে ফরমালিন মেশায় তাদের শুভবুদ্ধি হোক এটাই পুলিশ চায়। ফলমালিনযুক্ত ফল বহনে জড়িত থাকায় বিভিন্ন ব্যক্তিকে ৫০ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।”
