২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সর্দার নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এ সময় আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 11:23 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে নৈশকোচে ডাকাতির প্রস্তুতির সময় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। 

নিহতের নাম ইসলাম মোড়ল (৪৫)। তিনি ডাকাতদলের সর্দার ছিলেন বলে পুলিশের দাবি।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, “ডাকাতির প্রস্তিুতির খবর পেয়ে পুলিশের একটি দল ছয়ঘরিয়া মোড়ে উপস্থিত হলে ডাকাতরা প্রথমে বোমা ও গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে।

“কয়েক মিনিট গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সর্দার ইসলাম মোড়লকে আটক করা হয়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৩টি রামদা উদ্ধার করা হয়েছে।

ওসি এনামুল জানান, নিহত ইসলাম মোড়লের বাড়ি সদর উপজেলার পাথরঘাটা গ্রামে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় কয়েকটি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

আহত পুলিশ কনস্টেবল নুরুল হক ও শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।