২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ খুন, অভিযোগ গঠনের শুনানি ২৩ জুন

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুনের মামলায় আগামী ২৩ জুন অভিযোগ গঠনের ‍শুনানি হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 08:18 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সংশ্লিষ্ট শাখা থেকে এ বিষয়ক তথ্য জানা যায়।

এরআগে গত সোমবার মামলাটির নথি বিচারের জন্য প্রস্তুত হয়ে মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে এলে তিনি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

গত ১৭ এপ্রিল আদালতের নিবন্ধন শাখায় মামলাটির অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা ও নগরীর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান খন্দকার।

অভিযোগপত্রে আসামি করা হয় জসিম উদ্দিন রাজু, মাবুদ দুলাল, অর্জন দে ও মো. মনিরকে।

এ মামলায় ৩১ জনকে সাক্ষী করা হয়।

মামলার নথি থেকে দেখা যায়, নাসির উদ্দিন (৩২) ও ইসমাইল হোসেন রাজিব (৩০) নামের দুই আসামি তদন্তকালে মারা যাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি দিতে অভিযোগপত্রে আবেদন করা হয়।

মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রের চার আসামিই জেল হাজতে আছেন। তাদের উপস্থিতিতে ২৩ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি গেইটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ সদস্য নায়েক ফরিদুল ইসলাম।

পরদিন ১৫ এপ্রিল ভোরে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোডে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন এ মামলার দুই আসামি নাসির উদ্দিন ও ইসমাইল হোসেন রাজিব।

তখন পুলিশ কর্মকর্তারা ‍দাবি করেন পুলিশ খুনের ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সদস্য ছিলেন নাসির ও রাজিব। তাদের গ্রেপ্তারের পর সঙ্গে নিয়ে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধে’ তারা মারা যান।

তবে পুলিশ নাসির ও রাজিবকে ধরে নিয়ে গিয়ে গুলি করে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন।