চট্টগ্রামে বেতন না পেয়ে শ্রমিক অসন্তোষ
চট্টগ্রাম নগরীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরে নগরীর বায়েজীদ বোস্তামী থানার টেক্সটাইল গেইট এলাকায় বিক্ষোভ করে হেমটেক অ্যপারেলস নামে একটি পোশাক কারখানার প্রায় ৪০০ জন শ্রমিক।
শিল্প পুলিশের পরিদর্শক (গোয়েন্দা) আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১১টার বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতর বিক্ষোভ শুরু করে।
মালিক পক্ষের লোকজনকে না পেয়ে দুপুরে তারা কারখানা ছেড়ে নিচে নেমে আসে এবং সড়ক অবরোধের চেষ্টা করে।
শ্রমিকদের বরাত দিয়ে পরিদর্শক আরিফুল বলেন, “মে মাসের ২২ তারিখ শ্রমিকরা এপ্রিল মাসের বেতন পেয়েছিল। বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকরা এপ্রিল মাসের বকেয়া ও মে মাসের বেতন দাবি করেছিল।”
তিনি জানান, বিকাল ৫টার দিকে কারখানার মালিক জিল্লুর রহমান জুয়েল আগামী ১৭ জুন বকেয়া বেতন পরিশোধ করার অঙ্গীকার করলে শ্রমিকরা শান্ত হয়।
