২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির হাট উচ্ছেদ, শিল্পকর্ম নষ্টের অভিযোগ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাট উচ্ছেদ করেছে নগর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 11:38 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

মঙ্গলবার বিকালে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেসনের একটি দল উচ্ছেদ অভিযান চালায়।

উদ্যানের অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ছবির হাটে সাজানো অসংখ্য শিল্পকর্মও ধ্বংস করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অনেকটা গোপনে চালানো ওই অভিযানে অন্তত দুই হাজার চিত্রকর্ম নষ্ট করা হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের অভিযোগ।

হাটুরে কামরুজ্জামান স্বাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি সরকার সোহরাওয়ার্দী উদ্যানকে সাংস্কৃতিক বলয় বানাতে চায়। তাদের কাছে জানতে ইচ্ছা করে শিল্পকর্ম ধ্বংস করে তারা কিসের সাংস্কৃতিক বলয় বানাতে চায়?

“আমাদের সোহরাওয়ার্দী উদ্যান দখল করার কোনো ইচ্ছে নেই। আমরাও চাই, সরকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করুক। কিন্তু এভাবে শিল্প ধ্বংস করে নয়।”

চারুকলা অনুষদের সাবেক এ শিক্ষার্থী দাবি করেন, আগাম সতর্কতা ছাড়াই চালানো এই উচ্ছেদ অভিযানে তাদের হাজারেরও বেশি শিল্পকর্ম ধ্বংস করা হয়েছে।

শিল্পী আবুল বারাক আলভী, শিশির ভট্টাচার্য, তরুণ ঘোষ, রুহুল আমির কাজলসহ আরো অনেকের চিত্রকর্ম ভাঙা হয়েছে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অতুল মণ্ডল সাংবাদিকদের বলেন, ফুটপাতসহ রাস্তার আশেপাশের অবৈধ স্থাপনা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।  এজন্যই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

বুধবার কয়েকজন শিল্পী ও ‘হাটুরে’ একটি কালো ব্যানার নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিল্প ধ্বংসের প্রতিবাদ জানায়। এসময় অভিযানে নষ্ট হওয়া শতাধিক শিল্পকর্ম সেখানে জমা করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারে চারুকলার শিক্ষার্থী ও শিল্পপ্রেমী মানুষের আড্ডায় ধীরে ধীরে গড়ে উঠে ছবির হাট।

২০০৩ সাল থেকে ছবির হাট নামে পরিচিত স্থানটিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্পপ্রেমী মানুষের আড্ডা বসে। এছাড়া প্রতি শুক্রবার প্রদর্শিত হয় শিল্পীদের নিজস্ব শিল্পকর্ম, নাটক ও আলোকচিত্র।