ধান-চাল ছাড়া কাজ নেই খাদ্য মন্ত্রণালয়ের
মন্ত্রণালয়ের কার্যপরিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করে খাদ্য মন্ত্রণালয়ের নাম বদলে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন এই মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদ।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, “জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এ মন্ত্রণালয়ের ভূমিকা নগণ্য। ধান-চাল-গম কেনা এবং এর মজুদ করা ছাড়া মন্ত্রণালয় আর কোন কাজ করে?
“মানুষ মনে করে নিরাপদ খাদ্য সরবরাহ করার দায়িত্ব খাদ্য মন্ত্রণালয়ের। কিন্তু খাদ্যে ফরমালিন ব্যবহার নিয়ে যখন কথা বলি তখন দেখি সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ।”
তিনি বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘ধান-চাল মন্ত্রণালয়’ করা উচিত।
কমিটির বৈঠকে এ নিয়ে কথা হলেও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম কোন মন্তব্য করেননি বলেও জানান কমিটির সভাপতি।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে খাদ্যশস্য ( গম) সংগ্রহের লক্ষ্যমাত্রা দেড় লাখ মে.টন আরও ৫০ হাজার মে.টন অর্জনে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়কে চাল সংগ্রহ স্বচ্ছ ও সঠিকভাবে করার জন্য সুপারিশ করা হয় ।
