জামিন হয়নি সচিব শওকত হোসেনের
দুর্নীতির তিন মামলায় জামিন পাননি সাবেক গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেন, যিনি বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার তিনি বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে জামিনের জন্য গেলেও আদালত জামিন দিতে রাজি হননি।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ গোলাম হাফিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।
পরে নাজমুল হক সাংবাদিকদের বলেন, আদালত তার সবগুলো জামিন আবেদন ফেরত দিয়েছে। তবে তিনি এখন হাই কোর্টের অন্য বেঞ্চে যেতে পারবেন।
ক্ষমতার অপব্যবহার এবং প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত ২২ এপ্রিল রাজধানীর মতিঝিল থানায় শওকত হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে অভিযোগ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব থাকাকালে খন্দকার শওকত হোসেন রাজউক কর্মকর্তাদের প্রভাবিত করে পূর্বাচল আবাসিক প্রকল্পে স্ত্রী আয়েশার নামে সাত কাঠার প্লট বরাদ্দ নিয়ে দুই দফায় বাড়িয়ে তা ১২ কাঠায় উন্নীত করেন।
এছাড়া উত্তরা আবাসিক প্রকল্পে নিজের ও মা জাকিয়া আমজাদের নামে কেনা দুটি তিন কাঠার প্লটের আকার বাড়িয়ে তা পাঁচ কাঠায় উন্নীত করেন।
এই অভিযোগ খতিয়ে দেখতে গত ০৫ ফেব্রুয়ারি খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের উপপরিচালক যতন কুমার রায় প্রায় দেড় মাস তার বিরুদ্ধে অনুসন্ধান করেন।
মামলা দায়েরের পর দুদকের জনসংযোগকারী কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, তিনটি প্লট বরাদ্দের ক্ষেত্রে যথাযথ নিয়ম-নীতি অনুসরণ করা হয়নি এবং ক্ষমতার অপব্যবহার করে তা করা হয়েছে। এটা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
১৯৮২ সালের বিসিএস ক্যাডার খন্দকার শওকত হোসেন বর্তমানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। বিগত মহাজোট সরকারের আমলে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ছিলেন।
ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন আব্দুল মান্নান খান। দশম সংসদ নির্বাচনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী অস্বাভাবিক সম্পদ বাড়ার অভিযোগে যে কয়েকজন মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে, তাদের মধ্যে তিনিও রয়েছেন।
