২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর জুট মিলে আগুনে পুড়েছে ১০ কোটি টাকার মালামাল

নাটোরে বিসিক শিল্প এলাকায় একটি বেসরকারি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 01:00 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সকাল সাড়ে ১০টার দিকে দত্তপাড়ায় বিসিক শিল্প এলাকার নাটোর জুট মিলে আগুন লাগার প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় ১০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

মিলের যন্ত্রের ঘর্ষণে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লাগতে পারে ধারণা করছে ফায়ার সার্ভিস।

নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী উপ পরিচালক আক্তার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাটোর জুট মিলে আগুন লাগে। আগুণ দ্রুত কারখানার পাট ও পাটজাত পণ্যে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে স্থানীয় দমকল কর্মীরা পৌঁছে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে তারা ব্যর্থ হন।

“পরে পাবনা ও রাজশাহী ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে সেখান থেকে ইউনিট আসার পর বেলা ১২টা থেকে ৮টি ইউনিটের কয়েকশ কর্মী জুট মিলের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে মিলের প্রায় সব পাট ও পাটজাত পণ্যসহ মেশিন পুড়ে গেছে বলে জানান তিনি।

আগুন নেভানোর সময় ১২ জন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

নাটোর জুট মিলের মালিক শ্যামসুন্দর আগরওয়ালা জানান, সকালে আগুন লাগার পরপরই স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছিল। তারা ৪৫ মিনিট চেষ্টার পর অন্য ইউনিটগুলোকে খবর দেয়।

আগুনে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা তার। তবে তদন্তের পরই ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

প্রায় তিন একর জমির ওপর গড়ে ওঠা কারখানায় তিন শিফটে প্রায় সাড়ে ৪০০ শ্রমিক-কর্মচারী কাজ করেন, বলেন শ্যামসুন্দর।

দুপুরে ১টার দিকে কারখানায় গিয়ে দেখা গেছে, কারখানাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া পাট, পাটের বস্তা ও সূতা। তখনও কারখানার বিভিন্ন দেয়াল ভেঙ্গে দমকল কর্মীরা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন।

পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।