কর্ণফুলীতে টানেল নির্মাণে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি
কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সোমবার রাতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে বলে মঙ্গলবার বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং চীনের পক্ষে তাদের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস প্রেসিডেন্ট চি-খো মাও স্মারকে সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীন চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল নির্মাণ করবে।
এর আগে সোমবার দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলসে চীনের প্রধানমন্ত্রী লি খা ছিয়াংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক শেষে বাংলাদেশে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি হয়েছে।
বৈঠক কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি আরেকটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া আরো দুটি ক্ষেত্রে বিনিময়পত্র সই হয়েছে।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্য চুক্তিটি হয়েছে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা বিষয়ে। সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশে চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে।
বন্যা নিয়ন্ত্রণে গবেষণা এবং দুর্যোগে উদ্ধার কার্যক্রমের সরঞ্জাম সহযোগিতার বিষয়ে বিনিময়পত্র দুটি সই হয়েছে।
শীর্ষ বৈঠক শেষে লি খা ছিয়াং এবং শেখ হাসিনার উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব চুক্তি, সমঝোতা স্মারক এবং বিনিময়পত্রে স্বাক্ষর করেন।
শীর্ষ বৈঠক চীনের প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে চীন সম্পৃক্ত থাকবে বলে জানিয়েছেন লি খা ছিয়াং।”
বৈঠকে প্রধানমন্ত্রী পাঁচটি প্রকল্পের কথা তুলেছেন, যাতে আগামীতে চীনের সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে বলে জানান তিনি।
সচিব বলেন, “বৈঠকেই চীনা প্রধানমন্ত্রী তার সরকারের অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন সব প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা যায় তা নিরূপণ করতে।
প্রকল্পগুলো হলো- বাংলাদেশ সরকারের জন্য তথ্য-প্রযুক্তির ইনফ্রা নেটওয়ার্কের উন্নয়ন (যা ইনফো-সরকার ফেইজ থ্রি নামে পরিচিত), রাজশাহীতে ওয়াসার পানি শোধনাগার নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে দ্বিতীয় রেলপথসহ সড়ক সেতু নির্মাণ, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন (যা রামু পর্যন্ত যাবে এবং রামু থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ঘুনধুম পর্যন্ত আরেকটি লাইন যাবে) এবং ইস্টার্ন রিফাইনারি ইউনিট প্রকল্প।
