চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়ার আশা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে।
চীনে পাঁচ দিনের সফরের চতুর্থ দিন সোমবার সকালে বেইজিংয়ে ‘চায়না ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে’ এক সেমিনারে শেখ হাসিনা বলেছেন, “আমার এই সফরের সবচেয়ে বড় অর্জন হলো, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো শক্তিশালী হবে।”
‘সাম্প্রতিক বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক অর্জন এবং চীনের সঙ্গে অংশীদারিত্ব’ শীর্ষক এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন শেখ হাসিনা।
প্ররে স্থানীয় এক সংবাদিকের প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান-প্রদান গুরুত্ব পাবে। যার মাধ্যমে অর্থনৈতিক ও রাজনৈতিক সহযোগিতার দ্বার উন্মোচিত হবে।”
চীনের পিপলস ডেইলির সাংবাদিক শেখ হাসিনার কাছে বিসিআইএম করিডোরের অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান জানতে চান।
জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বিসিআইএম চীনের প্রস্তাব ছিল। এটি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চীনের মধ্যে সড়ক সংযোগ।”
“এই বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা বাস্তবায়ন হলে চীন ও দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন দরজা খুলে যাবে।”
বাংলাদেশ বিসিআইএম করিডোরের বাস্তবায়ন চায় বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তিনি চীনের উন্নয়ন দেখে অভিভূত।
তিনি বলেন, “আমি প্রথম ১৯৯৩ সালে চীনে আসি। আর আজকে অনেক পরিবর্তন। চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি বিশ্বাস করি, চীন বিশ্বের এক নম্বর অর্থনীতি হবে।”
আকাশ নামে চীনের এক ছাত্র বাংলায় প্রধানমন্ত্রীর কাছে দুই দেশের মধ্যে সংস্কৃতির আদান-প্রদানের বিষয়ে জানতে চান।
এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বাংলায় বলেন, “সুন্দর, বাংলায় প্রশ্ন। আপনি সংস্কৃতিক আদান-প্রদানের কথা বললেন। বাংলায় কথা বললেন। আমাদের বাঙালিরাও চীনা ভাষা শিখবে। সংস্কৃতির আদান-প্রদান দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো বলেন, “ভাষা শেখার মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় হবে।”
এসময় সেখানে স্নাতক অধ্যায়নরত বাঙালি ছাত্রী জান্নাতুর নাহার প্রধানমন্ত্রীর বক্তব্য চীনা ভাষায় ভাষান্তর করেন।
আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “আমি অনেক আনন্দিত। চীনের অনেকেই বাংলা ভাষা শিখছে। ভাষা শিখতে তারা বাংলাদেশে আসলে সব ধরনের সহযোগিতা পাবে।”
বাংলাদেশ থেকে যারা চীনে পড়তে আসে- তারা চীন সরকারের কাছ থেকে আরো সুযোগ পাবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
এর আগে, লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ এবং শন্তিপূর্ণ দেশে পরিণত করতে চাই। এজন্য বিশেষত চীনসহ আমাদের বন্ধুপ্রতীম দেশগুলোর সাহায্য ও সহযোগিতা চাই।”
প্রধানমন্ত্রী জানান, দশম জাতীয় সংসদে নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর চায়না ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে আসতে পেরে তিনি আনন্দিত।
শেখ হাসিনা বলেন, “জনগণের রায়েই প্রতিফিলত হয়েছে, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি হয়েছে।”
প্রধানমন্ত্রী তার সরকারের সাফল্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বমূলক সম্পর্কের কথা তুলে ধরেন।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এই সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্রে সহায়তা ও সহযোগিতার ওপর নির্ভরশীল। মূলত, অবকাঠামো উন্নয়ন, কৃষি, বিজ্ঞান ও কারিগরি, প্রতিরক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন।”
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী। বাংলাদেশের জনগণ প্রগতিশীল এবং গণতন্ত্রমনা, স্বাধীন, অসাম্পদায়িক, মানবাধিকার ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে।”
বাংলাদেশের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক, আধুনিক এবং সমৃদ্ধশীল জাতির ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “এটা নিশ্চিত করতে যে নেতৃত্বের দরকার- তা শুধু দিতে পারে আওয়ামী লীগই।
’৭১-এ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমি সৌভাগ্যবান যে, এই দলটি আমার নেতৃত্বে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়েছে এবং চলতি বছরের জানুয়ারি মাসের নির্বাচনেও জয়ী হয়েছে।”
বাংলাদেশের অর্থনীতি শক্ত ভীতের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করে তিনি বলেন, “গত পাঁচ বছরে আমাদের প্রবৃদ্ধি ৬ এর ওপরে ছিল। পাঁচ কোটি মানুষ মধ্যবিত্তে উত্তীর্ণ হয়েছে। দারিদ্রের হার যেখানে ২০০৫ সালে ৪১ শতাংশ ছিল, ২০১৩ সালে তা ২৬ শতাংশ।”
বাংলাদেশের মাথাপিছু আয় ৬৭ শতাংশ বৃদ্ধি, রপ্তানি আয় ১০৭ শতাংশ, বৈদেশিক মুদ্রার আয় ৬২ শতাংশ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১৭ শতাংশ এবং জ্বালানি সক্ষমতা ১০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
তথ্য ও প্রযুক্তি যোগাযোগে বাংলাদেশের অগ্রগতির কথাও বলেন শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব দেশ হিসাবে চিহ্নিত। বিদেশী বিনিয়োগকারিদের জন্য সাতটি নতুন অর্থনৈতিক অঞ্চল করার কথার বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশী পণ্যের ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বে শুল্কমুক্ত এবং কোটা মুক্ত প্রবেশাধিকারের কথা বলেন শেখ হাসিনা।
গোল্ডম্যান স্যাকস, ব্রিক-এর পর তাদের ‘নেক্সট ইলেভেন’ তালিকায় বাংলাদেশকে অন্তর্ভূক্ত করা, জে পি মরগানের ‘ফ্রন্টিয়ার ফাইভ’-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তালিকায় নিজ দেশের ইতিবাচক অবস্থানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় না দেয়ার ব্যাপারে সরকারের অবস্থানের কথা শেখ হাসিনা তার বক্তব্যে তুলে ধরেন।
তিনি জানান, তার সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ২০১৫ সালের এমডিজির লক্ষ্যমাত্রা পূরণের পথে অগ্রসর হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গৃহহীনদের জন্য গৃহায়ন প্রকল্পসহ বিভিন্ন ভাতা দেয়ার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষাখাতে সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বছরের শুরুতেই আমরা মাধ্যমিক পর্যায় পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে বই দিচ্ছি।”
স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায় পাওয়াকে সরকারের সবচেয়ে বড় অর্জন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
মধ্যম আয়ের দেশে পরিণত হতে জিডিপি প্রবৃদ্ধি আটে উত্তীর্ণ করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “এজন্য ২০১৫ সালের মধ্যে আমাদের জিডিপি গ্রোথ ৮, ২০১৭ এর মধ্যে ১০ শতাংশ এবং তা ২০২১ পর্যন্ত ধরে রাখতে হবে।”
“দেশের সকল নাগরিকের জন্য খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়া। যা হবে, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী ও উন্নত জাতি।”
বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “দুই দেশের শিল্প, কৃষি, বন্যা পূর্বাভাস, ভূমিকম্পের পূর্বাভাস, বিজ্ঞান ও প্রযুক্তি, মহাকাশ গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে।
