সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার ব্যক্তিগত সহকারী (এপিএস) সৌমেন চন্দ শৈলেনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
সোমবার বিকালে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, শৈলেনের আয়ের সঙ্গে সঙ্গতিহীন ১ কোটি ১১ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে, যা তিনি গোপন করেছিলেন।
গত ২ জুন শৈলেনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করে দুদক।
মহাজোটের গত সরকারের আমলে বিভিন্নভাবে শৈলেনের অবৈধ সম্পত্তি উপার্জনের তথ্য দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বলে জানান প্রণব।
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া আওয়ামী লীগের এই সরকারে স্থান পাননি। শৈলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
