চিকিৎসকরা মফস্বলে তিন বছর থাকলে ‘ভালো পোস্টিং’
তিন বছর উপজেলা পর্যায়ে চাকরি করলে, পরে চিকিৎসকদের ‘ভালো’ পোস্টিং দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে মন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি ডাক্তারদের প্রণোদনা দেয়া হবে। ৩ বছর উপজেলায় চাকরি করলে ভালো পোস্টিং দেয়া হবে।”
রোববার ২০১৩-১৪ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, “আপনি শক্ত কথা বলেন। কিন্তু ডাক্তার তো গ্রামে থাকে না।”
রুস্তম আলী ফরাজীর এই কথার পরিপ্রেক্ষিতে সংসদে বিবৃতি দেন নাসিম।
তিনি বলেন, “বিশ্বব্যাংক বলেছে ডাক্তারদের ব্যবহারের জন্য যানবাহন দেবে। আমরা ঠিক করেছি ডাক্তারদের বিশেষ করে মহিলা ডাক্তারদের গাড়ি দেব।
চিকিৎসকদের গ্রামে থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, “তদবিরে বদলি হবে না। অনিয়ম হলে কোনো ছাড় দেয়া হবে না। সরকার প্রথম থেকেই বলে আসছে স্বাস্থ্যসেবার জন্য গ্রামে থাকতে হবে।”
তিনি জানান, গত ৫ মাসে ৮১ জন চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। ১১জনকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৪ জনকে তিরস্কার করা হয়েছে, ১ জনের বদলি স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্যখাতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে নাসিম বলেন, “কোথায় অনিয়ম হয় না? যেখানে সমস্যা সেখানে অনিয়ম হয়।”
প্রয়োজন অনুপাতে চিকিৎসক স্বল্পতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “ডাক্তার স্বল্পতার জন্য আমরা উদ্বিগ্ন। ৬ হাজার ৫২১ জন বিসিএস পরীক্ষায় কোয়ালিফাই করেছেন। পুলিশ ভেরিফিকেশন করে নিয়োগ দেয়া হবে। আশা করি এক-দেড় মাসের মধ্যে উপজেলাগুলোতে ডাক্তার নিয়োগ হবে।”
