মুন্সীগঞ্জ ডাকাতের হামলায় নিহত ১
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ডাকাতদের হামলায় এক যুবক নিহত হয়েছেন। ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে আহত হয়েছেন আরো ১০ জন।
রোববার গভীর রাতে তেঘরিয়া ও শেখরনগর দক্ষিণহাটি গ্রামের পাঁচ বাড়িতে ডাকাতির পর সন্দেহভাজন তিন জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার।
নিহত রিঙ্কু শিল (১৬) শেখরনগর দক্ষিণহাটি গ্রামের বাসিন্দা।
গুলিবিদ্ধ পঙ্কজ শীল ও ধারালো অস্ত্রের আঘাতে আহত সজিবসহ (৩২) অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
তেঘরিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে প্রথম লুটপাট চালায় ডাকাতরা। এই সময় তার ছেলে সজিবসহ চারজনকে কুপিয়ে আহত করে।
পরে পাশের শেখরনগর দক্ষিণহাটি গ্রামে ডাকাতরা হানা দিলে গ্রামবাসী দেশীয় অস্ত্র টেটা, জুইত্যা নিয়ে ডাকাতদের ধাওয়া করে। পরে পুলিশও গ্রামবাসীদের সঙ্গে ডাকাতদের ধাওয়া করে।
এ সময় ডাকাতরা শটগানের গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে রিঙ্কুকে কাছে পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে আড়িয়াল বিল দিয়ে পালিয়ে যায়।
