বালু ব্যবসায়ী হত্যায় বন্ধুর মৃত্যুদণ্ড বহাল
কেরানীগঞ্জের বালু ব্যবসায়ী মশিউর রহমান পারভেজ হত্যা মামলায় তার বন্ধুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে হাই কোর্ট।
মৃত্যুদণ্ডাদেশ ও আপিলের শুনানি করে রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ এই রায় দেয়।
বিচারিক আদালতে পারভেজের বন্ধু আবুল কালাম পলাশের মৃত্যুদণ্ড ও পলাশের ছোট ভাই নূরে আলম জিপুর যাবজ্জীবন হয়েছিল। ২০০৮ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই রায় দেয়।
আদালতে আসামি পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেহান হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
ফরহাদ আহমেদ সাংবাদিদের জানান, ২০০৬ সালে কেরানীগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে পলাশ এবং জিপু মিলে পারভেজকে হত্যা করে। ২০০৭ সালে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। পরে বিচারিক আদালত তাদেরকে দণ্ড দেয়।
ওই দণ্ডের বিরুদ্ধে তারা হাই কোর্টে আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ডাদেশের অনুমতির জন্যও বিষয়টি হাই কোর্টে আসে। উভয় আবেদনের শুনানির পর হাই কোর্ট দণ্ড বহাল রাখে।
