একরাম হত্যায় আলা উদ্দিন আবার রিমান্ডে
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় সাত দিনের হেফাজতে (রিমান্ড) থাকা আলা উদ্দিনকে আরো তিন দিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
একই আদালতে শাখাওয়াত হোসেন সৈকতকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে।
ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাইরুল আমিন রোববার এ দেশ দেন।
এদিকে র্যাবের হাতে আটক জাহাঙ্গীরকে এই মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দ্বিতীয় দফা রিমান্ড শেষে রোববার বিকালে আসামি আলা উদ্দিনকে পুনরায় পাঁচ দিনের রিমান্ডের জন্য আদালতে হাজির করা হয়।
আদালত আরো তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
তদন্ত কর্মকর্তা আরো জানান, শুক্রবার রাতে একরাম হত্যায় জড়িত ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামের আবুল হোসেন জাহাঙ্গীরকে র্যাবে আটক করে এবং শনিবার দুপুরে ফেনী মডেল থানায় হস্তান্তর করে।
পুলিশ রোববার তাকে একরাম হত্যা মামলায় গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয়।
ফেনী মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, র্যাব আবুল হোসেন জাহাঙ্গীর নামে যাকে আটক করেছে তিনি একরাম হত্যার সাথে জড়িত নন। পুলিশের জিঙ্গাসাবাদে একরাম হত্যার সাথে তার জড়িত থাকার কোনো আলামত পাওয়া যায়নি। সেজন্য তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ মহি উদ্দিন জানান, একাধিক সূত্র ও বিভিন্ন সময় পত্রিকায় প্রকাশিত নামের সূত্র ধরে একরাম হত্যায় জড়িত থাকায় আবুল হোসেন জাহাঙ্গীরকে র্যাব আটক করে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখালে র্যাবের তো কিছুই করার নাই। এটা মামলার তদন্তকারী কর্মকর্তার বিষয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
