২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিনযুক্ত ফল ঠেকাতে চেকপোস্ট

প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে ফরমালিন মেশানো মৌসুমী ফলের রাজধানীতে আসার পথ বন্ধ করার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 06:55 PM

Updated : 13 Oct 2022, 12:11 PM

রোববার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বলেন, "আগামী ১১ জুন থেকে ঢাকার আটটি প্রবেশপথে এই চেকপোস্ট বসানো হবে।

"খাদ্যে ফরমালিন মেশানো আর ‘সামাজিক গণহত্যা’ একই ধরনের বিষয়। এ ধরনের অপরাধ ঠেকাতে চেকপোস্ট বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে।"

ডিএমপি কমিশনার বেনজীর বলেন, “এ মধু মাসে কোন ফরমালিনযুক্ত ফল যেন ঢাকাবাসীকে কিনতে না হয় সেজন্যই এবার পুলিশের অভিযান চলবে।

"কারো ক্ষতি করা পুলিশের উদ্দেশ্য নয় বলেই অভিযানের তিনদিন আগে সবাইকে সচেতন করছি আমরা।যেন কেউ ফরমালিন যুক্ত ফল বা খাবার উৎপাদন বা বিক্রির সঙ্গে কোনোভাবেই কেউ না জড়িয়ে পড়েন।”

ব্রিফিংয়ে অন্যান্যদের উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার আবদুল জলিল, আব্দুল জলিল মণ্ডল, মিলি বিশ্বাস, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, উপ কমিশনার মাসুদুর রহমান। 

যেসব স্থানে পুলিশের চেকপোস্ট বসবে সেগুলো হল- পোস্তগোলা ব্রিজ, যাত্রবাড়ির সাইনবোর্ড এলাকা, ডেমরা থানা এলাকার কাছে সুলতান কামাল ব্রিজের পশ্চিম পাশে ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাট ওয়াইজঘাট এলাকা, গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় পর্বত সিনেমা হলের সামনে, আবদুল্লাহপুর ব্রিজ ও টঙ্গীর ধউর ব্রিজ এলাকা।