শ্রীমঙ্গলে শ্রমিক হত্যার বিচার দাবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নাহার চা বাগানের জমি দখলের প্রতিবাদ এবং চা শ্রমিক নিতাই তাঁতি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিকরা।
রোববার দুপুরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে আধঘণ্টাব্যাপী মানববন্ধনে রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বোনার্জী নেতৃত্বে নাহার চা বাগান, টিপরাছড়া চা বাগান, শিশেলবাড়ী, হরিণছড়া, রাজঘাট চা বাগানের শতাধিক চা শ্রমিক অংশ নেয়।
এর আগে চা শ্রমিকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি সীতারাম অলমিক, টিপরাছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি অর্জুন রায় বল্লভ ও সাধারণ সম্পাদক দেবেন্দ্র তাঁতী, শিশেলবাড়ী চা বাগানের ইউনিয়ন সভাপতি মধু বাড়াইক ও সাধারণ সম্পাদক নারায়ণ ভূইয়া, বিমল বাড়াইক, টিপরাছড়া চা বাগানের রঞ্জণ রায়, সনৎ তাঁতী, মঞ্জু বোনার্জী প্রমুখ।
চা শ্রমিক নেতারা অবিলম্বে চা শ্রমিক নিতাই তাঁতী হত্যার সুষ্ঠু বিচার ও খাসিয়াদের গোলাগুলি বন্ধসহ স্থায়ী সমাধানের দাবি জানান।
গত ৩০ মে জমি নিয়ে বিরোধের জেরে নাহার চা বাগানে খাসিয়া ও চা শ্রমিকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান চা শ্রমিক নিতাই চাষা (৪০)। সংঘর্ষে ৩ খাসিয়া নারীসহ উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হন।
