২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা হামলায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বোমা হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 01:18 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার দুপুরে উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকায় এ ঘটনায় নিহত হন ডিহিরমাঠ গ্রামের লাল মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (৪০)।

আজিজুর আওয়ামী লীগ সমর্থক ছিল বলে স্থানীয়রা জানান।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার বশির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার বশির আহমেদ জানান, আজিজুর রামচন্দ্রপুরহাটে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে ১৪/১৫ জনের একটি দল আজিজুরকে ওই দোকানে ঘিরে ফেলে এবং তাকে লক্ষ্য করে হাত বোমা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন থেকে আজিজুর ও আবুল কালাম আজাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে এ ঘটনার জের ধরে আজিজুরের সমর্থকরা রামচন্দ্রপুরহাট এলাকায় একটি দোকানে ভাংটুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

ওই এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।