‘র্যাবকে সুশৃংখল বাহিনীতে পরিণত করা হবে’
দুয়েকজনের জন্য পুরো বাহিনীকে দায়ী করা উচিত নয় বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার নেত্রকোণায় সাংবাদিকদের তিনি বলেন, র্যাবকে সুন্দর ও সুশৃংখল বাহিনীতে পরিণত করা হবে। দুয়েকজনের জন্য পুরো বাহিনীকে দায়ী করা চলে না, এই বাহিনীর অনেক অবদান রয়েছে।
দুপুরে তিনি আটপাড়া থানার নতুন ভবনের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
দুই কোটি এক লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে নতুন এই ভবন নির্মাণ করা হয় বলে সংশ্লিষ্টরা জানান।
হবিগঞ্জে অস্ত্র উদ্ধার সম্পর্কে তিনি বলেন, এই অস্ত্র কোথা থেকে এসেছে, কারা এই অস্ত্র জমা করেছিল তা এখনো পরিষ্কার নয়, তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বলা যাবে।
পরে প্রতিমন্ত্রী আটপাড়া থানা প্রাঙ্গণে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন।
নেত্রকোণা পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী নেত্রকোণা সার্কিট হাউজে আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন।
