২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ বাড়াতে সাংবাদিকদের পাশে চায় চীন

গণমাধ্যম এবং সংবাদপত্র  নিয়ে কড়াকড়ি মনোভাবের জন্য পরিচিত চীন তার আঞ্চলিক সংযোগ প্রচেষ্টা তুলে ধরতে এবার নিজেরাই দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2014, 01:58 AM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শুক্রবার থেকে দেশটির ইউনান প্রদেশের রাজধানী কুংমিংয়ে শুরু হয়েছে ‘চীন-সাউথ এশিয়া এক্সপো’।

দক্ষিণ এশিয়ার সঙ্গে আন্তঃসংযোগ পরিকল্পনা তুলে ধরতেই বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাউস, মিয়ানমার এবং থাইল্যান্ড থেকে ৪৫ জন সাংবাদিকের একটি দলকে আমন্ত্রণ জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

‘চীন-সাউথ এশিয়া এক্সপো’কে কেন্দ্র করে দুই অঞ্চলের সংযোগ সৃষ্টি করার লক্ষ্যে নতুন দুটি বাণিজ্যিক পথ তৈরিতে আঞ্চলিক মিত্রদেশগুলোতে জনমত সৃষ্টিতে কাজ করছে চীনা কর্তৃপক্ষ। সাংবাদিকদের আমন্ত্রণ জানানোও সেকারণেই।

‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট’ ও ‘টোয়েন্টিফার্স সেনচুরি মেরিটাইম সিল্ক রোড’ নামের ওই দুটি বাণিজ্য পথের পাশাপাশি কুনমিংয়ের সঙ্গে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোরের পরিকল্পনার ওপরেও গুরুত্ব দিচ্ছে বেইজিং।

শুক্রবার এক অনুষ্ঠানে অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে কুনমিংয়ের তথ্য কার্যালয়ের কর্মকর্তা হাই জিয়াং বলেন, “গণমাধ্যমের অংশগ্রহণ তাদের ‘অন্তঃসংযোগ’ (কানেকটিভিটি) পরিকল্পনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

তাদের কানেকটিভিটি পরিকল্পনা সবার মাঝে তুলে ধরার জন্যই সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান জিয়াং।

চীন-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেয়ার পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকরা আঞ্চলিক রাজধানীর গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাও ঘুরে দেখবেন।

চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং বলেন, “তার দেশ নিজস্ব প্রযুক্তিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে দিতে আগ্রহী।”

জ্বালানি, প্রযুক্তিসহ বড় অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলোতে অন্যদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহের কথাও জানান চীনের উপ প্রধানমন্ত্রী।

দক্ষিণ এশিয়ার স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে শূন্য শুল্ক নীতিতে ৯৫টি ভোগ্যপণ্যের বাণিজ্য শুরুর ইচ্ছার কথাও জানান ইয়াং। ওই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশও এর সুফল পাবে।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য রাখেন। প্রতিবেশী দেশগুলো নিয়ে চীনা কর্তৃপক্ষের বিভিন্ন পরিকল্পনা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিসিআইএম সড়ক সংযোগ প্রকল্প খুবই ‘বাস্তবসম্মত’। যুগের চাহিদার আলোকে সড়ক ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা সচল করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।