কৃষিতে ভর্তুকি একই, কমেছে বরাদ্দ
ভর্তুকির পরিমাণ একই রেখে আনুপাতিক হারে কৃষিখাতে বরাদ্দ কমানো হয়েছে প্রস্তাবিত বাজেটে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-২০১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিদায়ী অর্থবছরের কৃষিখাতের জন্য বরাদ্দ রয়েছে ১২ হাজার ২৭০ কোটি টাকা ছিলো, যা বাজেটের ৫ দশমিক ৫০ শতাংশ।
তবে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে ভর্তুকি রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা, বিদায়ী অর্থবছরেও যার পরিমাণ একই ছিলো।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “আমাদের গত মেয়াদে বাংলাদেশ কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছিলো। আমরা ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমার বিশ্বাস অদূর ভবিষ্যতে আমরা একটি বড় কৃষি রপ্তানিকারক দেশে পরিণত হব।”
অর্থমন্ত্রী বলেন, "উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে বরাবরের মত সার, বীজ, সেচসহ কৃষি উপকরণে সহায়তা চালিয়ে যাওয়া হবে। আগের ধারাবাহিকতায় বর্গাচাষীদের জন্য জামানত ছাড়াই ব্যাংক ঋণ দেওয়া হবে।"
প্রয়োজনীয় প্রণোদনার মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা এবং জৈবপ্রযুক্তি ও জেনেটিক প্রকৌশলের উদ্ভাবন ও ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও বাজেটে বক্তৃতায় জানান অর্থমন্ত্রী।
