গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১
গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩৫ জন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, খুলনা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী শুভ-নাঈম পরিবহনের বাসটি ওই এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয়।
