উত্তরা ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি
শ্রমিক নির্যাতন ও ছাঁটাই বন্ধসহ আট দফা দাবিতে কর্মবিরতি করছে নীলফামারীর উত্তরা ইপিজেডের একটি কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে ইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এভারগ্রিন ফ্যাক্টরি প্রোডাক্টস বিডি লিমিটেডের হাই পোস্টিং ইউনিটের সাড়ে সাত হাজার শ্রমিক।
ওভারটাইমের ন্যায্য মজুরি দেয় না, এমনকি কোনো শ্রমিকের পরিবারের সদস্য অসুস্থতার কারণে তাৎক্ষণিক ছুটি নিলে তার বেতন থেকে টাকা কাটা হয়। নারী শ্রমিকদের সঙ্গে অশালীন আচরণেরও অভিযোগ করেন তারা।
দুপুরে আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধি ও এভারগ্রিন কর্তৃপক্ষকে নিয়ে নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিক, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম, সদর থানার ওসি শাহজাহান পাশা দফায় দফায় বৈঠক করলেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাড়ি চলে যায়।
কারখানার উপ-মহাব্যবস্থাপক সুব্রত সরকার শ্রমিক নির্যাতনের কথা অস্বীকার করে বলেন, কোম্পানির টার্গেট পূরণ করতে না পারায় শাস্তি স্বরূপ ২২৩ জন শ্রমিককে শোকজ নোটিস দেয়া হয়। নোটিস পেয়ে তারা কাজ ছেড়ে কারখানা থেকে বের হয়ে অন্য শ্রমিকদের জোড়পূর্বক কারখানা থেকে বের করার চেষ্টা করে। তাই ওই ২২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
তবে পরে তাদের কাজে যোগদানের জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।
সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটার আশঙ্কায় সকাল থেকেই ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
