ইজাহার-হারুণের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ
চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় করা এসিড আইনের মামলায় হেফাজতের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগপত্র উত্থাপন করা হয়।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১০ জুন অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছে।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, দুই আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি ও জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করে শুনানির সময় নির্ধারণ করেছে।
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ।
এ ঘটনায় পুলিশ বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।
গত ২৮ মে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন এসিড আইনের মামলায় ইজাহার-হারুণকে অভিযুক্ত করে চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশ প্রশিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন। এতে ৩৪ জনকে সাক্ষী করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও বাবা-ছেলেসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
