‘সঠিক সময়ে অস্ত্র উদ্ধার করেছে র্যাব’
হবিগঞ্জের সাতছড়িতে ভারত সীমান্তবর্তী পাহাড়ি বনে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ সঠিক সময়ে উদ্ধার হয়েছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অস্ত্র উদ্ধারের ঘটনাকে দেশের জন্য হুমকি মনে করছে না তিনি।
বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, অস্ত্রগুলো কারা কিভাবে মজুদ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
রমজান উপলক্ষে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা যথাসময়ে পরিশোধসহ সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি বিষয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়।
গত মঙ্গলবার সাতছড়িতে অভিযান চালিয়ে টিলার ওপর বাংকার থেকে প্রায় ২০০ কামান বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা উদ্ধার করে র্যাছব।
ফাইল ছবি
পরদিন চারটি মেশিনগান,একটি রকেট লঞ্চার, মেশিনগানের পাঁচটি ব্যারেল,একটি রাইফেল,২২২টি কামানের গোলা ও তা ছোড়ার কাজে ব্যবহারের ২৪৮টি চার্জ এবং বিভিন্ন ধরনের ১১ হাজার ৮৬৪টি গুলি উদ্ধার করা হয়।
এছাড়া মেশিনগানের ১৯ ড্রাম চেইন,১৯টি ম্যাগজিন,অস্ত্র সচল রাখার জন্য বিপুল পরিমাণ তেলও উদ্ধার করা হয়।
সীমান্তে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হওয়া দেশের জন্য হুমকি কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী কামাল বলেন, “দেশ অরক্ষিত নয়। সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
“এধরনের অস্ত্র উদ্ধারকে আমরা হুমকি মনে করছি না।”
তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে অনেকগুলো কাদামাখা ছিল। এতে বোঝা যায় অস্ত্রগুলো অনেকদিন ধরে মজুদ করা হয়েছে।
“তবে কারা কিভাবে ও কী উদ্দেশ্যে অস্ত্রগুলো মজুদ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে।”
ঈদের আগে পোশাক শ্রমিকদের ছুটি-বোনাস
ঈদের আগে পর্যায়ক্রমে পোশাক শ্রমিকদের ছুটি ও বোনাস দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, পোশাক কারখানার মালিক, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা শ্রমিকদের পর্যায়ক্রমে ঈদের ছুটি ও বোনাস দিতে আগ্রহী।
তাই ঈদের আগে পোশাকখাতে কোনো ধরনের ঝামেলা হবে না বলে প্রতিমন্ত্রী আশাবাদী।
সভায় পুলিশসহ বিভিন্ন অঅইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
