২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জের গোলাবারুদের সঙ্গে ১০ ট্রাক অস্ত্রের ‘মিল’

হবিগঞ্জে ভারত সীমান্তে পাহাড়ি বনে পাওয়া বিপুল পরিমাণ গোলাবারুদের সঙ্গে ২০০৪ সালে চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের মিল রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তারা।

লিটন হায়দার

হবিগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:48 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

পুরনো খবর:

হবিগঞ্জ সীমান্তের বনে কামান বিধ্বংসী গোলা

চুনারুঘাট উপজেলার সাতছড়িতে সংরক্ষিত বনাঞ্চলে টিলার ওপর কূপ করে তার ভেতরে বাংকারে রাখা বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উদ্ধারে বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চলে।

আগের দিন অভিযানে প্রায় ২০০ কামান বিধ্বংসী উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলা পাওয়ার পর এদিন অস্ত্রের পাশাপাশি প্রায় ১৩ হাজার গুলিও পাওয়া গেছে।

র‌্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, টিলাগুলোতে মোট সাতটি বাঙ্কারের সন্ধান পেয়েছেন তারা। সেগুলোর মধ্যে তিনটি থেকে বিপুল পরিমাণ গুলি ও ভারী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দ্বিতীয় দিনে চারটি মেশিনগান, একটি রকেট লঞ্চার, মেশিনগানের পাঁচটি ব্যারেল, একটি রাইফেল, ২২২টি কামানের গোলা ও  তা ছোড়ার কাজে ব্যবহারের ২৪৮টি চার্জ এবং বিভিন্ন ধরনের ১১ হাজার ৮৬৪টি গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এছাড়া মেশিনগানের ১৯ ড্রাম চেইন,১৯টি ম্যাগজিন, অস্ত্র সচল রাখার জন্য বিপুল পরিমাণ তেল উদ্ধার করেছে র‌্যাব।

উইং কমান্ডার হাবিব বলেন, “২০০৩ সালের ২৭ জুন বগুড়ায় এক ট্রাক গুলি এবং ২০০৪ সালে চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্রের সঙ্গে উদ্ধার হওয়া এসব গোলাবারুদের সাদৃশ্য রয়েছে।”

চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র আসামের বিদ্রোহী দল উলফার জন্য আনা হয়েছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে। এই মামলার রায়ে উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডও দেয়া হয়েছে।

হবিগঞ্জের যে স্থানে গোলাবারুদ পাওয়া গেছে, তা এক সময় অল ত্রিপুরা টাইগার ফোর্সের (এটিটিএফ) আস্তানা ছিল বলে মনে করা হয়। ত্রিপুরার এই বিদ্রোহী দলটি এখন দুর্বল হয়ে পড়েছে।

ভারতের গোয়েন্দা কর্মকর্তারা বলেন, এটিটিএফের এই আস্তানাটি উলফাও অস্ত্র পাচারের জন্য ব্যবহার করত। বর্তমানে পলাতক পরেশ বড়ুয়ার সঙ্গে এটিটিএফের কারাবন্দি নেতা রঞ্জিত দেবর্মার ঘনিষ্ঠতা ছিল।

র‌্যাব কর্মকর্তারা জানান, ২০০৩ সালে বগুড়ায় যে এক ট্রাক গুলি পাওয়া গিয়েছিল, সেই ট্রাকের চালকের বাড়ি হবিগঞ্জের এই এলাকায়।

এই গোলাবারুদের সঙ্গে ভারতের বিদ্রোহী দুই সংগঠনের যোগসূত্রের ইঙ্গিত মিললেও এখনি কোনো সিদ্ধান্ত টানতে চান না উদ্ধার অভিযানে থাকা র‌্যাবের কর্মকর্তারা।

“এই অস্ত্র মজুদের সঙ্গে কারা জড়িত তা এখনি বলা যাচ্ছে না। তদন্তের মাধ্যমে তা উদঘাটন করা হবে,” বলেন র‌্যাব মুখপাত্র হাবিব।

টিলায় বসতি, আগেও অভিযান

যে টিলায় অভিযান চলছে, সেখানে বসতি থাকলেও পুরুষ বাসিন্দারা সবাই পালিয়ে গেছেন। তবে রয়েছেন নারী ও শিশুরা।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান অবশ্য বলেছেন, “এলাকার পুরুষ মানুষেরা চলে গেলেও তারা নজরদারি মধ্যে আছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

সাতছড়ি জাতীয় উদ্যানের ঠিক সামনে টিলার ওপর গড়ে তোলা অর্ধশত ঘর। এই এলাকাটি টিপড়াপাড়া হিসাবে পরিচিত, সেখানেই চলছে অভিযান।

গত ৩/৪দিন ধরে র‌্যাবের আনাগোনা এবং মঙ্গলবার থেকে অভিযানের পর বুধবার দুপুরে বাড়িগুলোতে গিয়ে দেখা যায়, কোনো পুরুষ মানুষ নেই। কয়েকজন নারী এবং শিশুর দেখা মিললেও সাংবাদিক দেখে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয় তারা।

অনেকক্ষণ অপেক্ষার পর সোনাকানি তন্তুবাই নামে একজন কথা বলতে রাজি হলেন। তিনি জানান, এই টিলায় স্বামী-সন্তান নিয়ে ২৬/২৭ বছর ধরে বসবাস করে আসছেন তিনি।

এই নারী বলেন, কয়েক বছর আগে এখানে সেনাবাহিনী এবং বিজিবি অভিযান চালিয়ে কয়েকজন আটক করেছিল।

তবে তাদের কাছ থেকে অস্ত্র বা গোলাবারুদ পাওয়া গিয়েছিল কি না, তা তার জানা নেই।

 

সোনাকানি বলেন, “এখানে অনেকেই আসেন। এদের (পর্যটকদের)সাথেই কেউ আসা যাওয়া করে থাকে।”

বাড়ির অন্যরা কোথায়- জানতে চাইলে তিনি বলেন, “বাইরে গেছেন। আবার আসবেন।”

সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে তিন বছর ধরে ঝালমুড়ি বিক্রি করেন রবি রায়। বেড়া দিয়ে রাস্তার পাশে তৈরি করা দোকানে তার সঙ্গে কথা হয়।

রবি রায় বলেন, তার দোকানে অনেকেই আসেন। মাঝে মাঝে এলাকায় অনেক নতুন লোকও দেখা যায়।

তবে এই এলাকায় বাংকার খুঁড়ে অস্ত্রে মজুদ করার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেন রবি।

মূল রাস্তা থেকে সরু একটি সেতু পার হয়ে টিপড়া পাড়ায় যেতে হয়। সেখানে পুরুষশূন্য কয়েকটি ঘর তালা লাগানো। কিছু ঘর খোলা পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি।

ঘরগুলোতে ঢুকে দামি জিনিসপত্র দেখা যায়। একটি ঘরের বারান্দায় নম্বরবিহীন একটি মোটরসাইকেলও দেখা যায়। প্রায় প্রতিটি বাড়িতে এন্টেনা ছিল, মোবাইলের নেটওয়ার্ক ব্যবহারের জন্য এই এন্টেনা লাগানো হয়েছে বলে র‌্যাবের ধারণা।

এই ঘরগুলোর একটিতে গিয়ে দেখা যায় একটি টিনের ভাঙা ট্রাংক। সেখানে বেশ কিছু কাগজপত্র তছনছ করা। এই কাগজপত্রের মধ্যে Government of Twipra Kingdom লেখা বেশ কিছু আয়করের কাগজও দেখা যায়। এছাড়াও ছিল সামরিক বাহিনীর পোশাকের মতো বেশ কিছু কাপড়।

টিপড়াপাড়ায় বিদ্যুৎ সংযোগ নেই। অধিকাংশ ঘরের চালায় সোলার প্যানেল লাগানো। একটি ঘরের ভেতর গিয়ে দেখা গেলো দামি কাঠের সোফা, খাট, ড্রেসিং টেবিল। শুধু তাই নয় ঘরটি ঘরের সিলিংটি অভিজাত বাড়ির অনুরূপ করা হয়েছে।

র‌্যাব এই পাড়ার ঘরগুলোতে অভিযান চালিয়ে তিনটি বাংকার পেলেও এখান থেকে কোনো অস্ত্র বা গোলাবারুদ পায়নি।

এসব বাংকার তৈরি করতে রড-সিমেন্ট ব্যবহার করা হয়েছে। প্রায় প্রতিটি বাংকার প্রায় ৮ ফুট গভীর এবং দৈর্ঘ্য-প্রস্থ প্রায় ১০ ফুট করে। তবে এই বাংকারে ঢোকার জন্য ঘরের বাইরে ঢালাই করা স্ল্যাব রয়েছে। এই স্ল্যাবগুলোর ওপরে মাটি দিয়ে চাপা রয়েছে। স্ল্যাব সারিয়ে ভেতরে ঢুকতে হয়।

বসতি থাকা এই টিলার পাশেই আরেকটি টিলা, সেখানে কোনো ঘর নেই। উঁচু-নিচু পথ পেরিয়ে ওই টিলায় উঠে দেখা যায় তিনটি বাংকার। এর মধ্যে একটি বাংকার বেশ বড়। যেখান থেকে গোলাবারুদের বড় অংশ পাওয়া গেছে।

এর পাশে আরেকটি টিলা। সেখানেও পাওয়া যায় আরো বেশকিছু অস্ত্র এবং গোলাবারুদ।

চারপাশে আরো টিলা রয়েছে। র‌্যাবের মুখপাত্র হাবিব বলেন, “আশেপাশে যত টিলা আছে, সবগুলোতে অনুসন্ধান চালানো হবে। অনুসন্ধান যতদিন লাগে র‌্যাব তা করবে।”