২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়োজাহাজে কাপড়ে মোড়া আড়াই কোটি টাকার সোনা

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:54 AM

Updated : 22 Aug 2022, 06:26 PM

বৃস্পতিবার ভোররাত পৌনে ৩টার দিকে দুবাই ফেরত ওই উড়োজাহাজের ‘কার্গো হোল্ডের’ ভিতরে এসব সোনা পাওয়া যায় বলে শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. রুহুল আমিন জানান।

এসব স্বর্ণ বারের ওজন ৫ কেজি ৫৯২ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানান তিনি।

শুল্ক বিভাগের এই কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে বন্দরের শুল্ক বিভাগ, শুল্ক গোয়েন্দা, আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরা বিমানটির ভেতর অভিযান চালায়। সেখানে কার্গো হোল্ডের ভেতর কালো ফিতা দিয়ে ঝুলন্ত অবস্থায় ৪৮টি সোনার বার পাওয়া যায়।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এ ঘটনায় জড়িত বা সন্দেহভাজন কাউকে এখনো আটক করা যায়নি বলেও জানান তিনি।

এর আগে গত ২৬ এপ্রিল এ বিমানবন্দরেই দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১০৬ কেজি ওজনের ৯৩৬টি সোনার বার উদ্ধার করা হয়।

এসময় সন্দেহভাজন হিসেবে বিমানের মেকানিক্যাল অ্যাসিসট্যান্ট আনিস উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ২ জুন সোনা চোরাচালানের সঙ্গে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

তাদের মধ্যে লিটন নামের একজনকে পল্টনে নিজের বাসা থেকে আটক করা হয়। তার বিছানার বালিশের ভেতরে আট কেজি ওজনের ৭০টি সোনার বার এবং তিন লাখ টাকা ও ৫ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। তিনি সোনা চোরাচালান চক্রের মূল ‘হোতা’দের একজন বলে পুলিশ জানায়।

প্রভাবশালী অনেকে আর্থিক সু্বিধার বিনিময়ে বিভিন্ন সময় স্বর্ণ চোরাচালানিদের সহায়তা করছে বলেও গোয়েন্দা কর্মকর্তারা বলছেন।