বেনাপোলে শুল্ক কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
বাজেট ঘোষণাকে কেন্দ্র করে বুধবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত বেনাপোলে শুল্ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার এক আদেশ অনুযায়ী এ সময়ে বন্দর ব্যবহারকারীদের নতুন শুল্কায়ন সংক্রান্ত ‘বিল-অব এন্ট্রি’ দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ থাকবে। তবে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি চালু থাকবে।
বেনাপোল শুল্ক ভবনের সহকারী কমিশনার মাহাবুব হাসান জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপিত হবে, তাই ‘পূর্ব সতর্কতামূলক’ ব্যবস্থা গ্রহণ ও ‘বাজেট ঘোষণা পরবর্তী করণীয়’ আলোচনার জন্য বুধবার বিকাল ৫টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত শুল্কভবনে ‘বিল-অব এন্ট্রি’ দাখিল ও মেনিফেস্ট এন্ট্রি বন্ধ রাখা হয়েছে।
ওই সময় শুল্ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান জানান, বৃহস্পতি, শুক্র ও শনিবার নতুনভাবে শুল্কায়ন সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকছে।
তবে এ সময় মেনিফেস্ট এন্ট্রি বন্ধ থাকার কারণে দুবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি চালু থাকলেও হয়রানি বাড়বে বলে তিনি মনে করেন।
