পিরোজপুর জামায়াত আমির কারাগারে, রোববার হরতাল
অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধাদানের দুটি মামলায় পিরোজপুর জেলা জামায়তের আমির মো. তোফাজ্জেল হোসেন ফরিদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিচারিক হাকিম সুমিয়া খানম বুধবার এ আদেশ দেন।
এদিকে এ আদেশের পর জেলা জামায়াত আগামী রোববার জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে।
দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এ বছরের ৯ জানুয়ারি ভোর রাত পৌনে ৩টার দিকে আওয়ামী লীগ কার্যালয় ভস্মীভূত হয়। পরদিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। জামায়াত আমিরকে ওই মামলায় ২নং বিবাদী করা হয়।
অপর মামলাটি করা হয় সদর উপজেলা মোড়ে জামায়াতের কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায়।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রব জানান, আমিরে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামী রোববার তারা জেলায় আধাবেলা হরতাল ডেকেছেন।
