২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাত খুনের তদন্তে অগ্রগতি হয়েছে’

নারায়ণগঞ্জের সাত খুনের তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:16 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বুধবার নরসিংদীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, কে করেছে, কী জন্য করেছে তা আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।

এছাড়া হবিগঞ্জে অস্ত্র উদ্ধারের বিষয়টির তদন্ত চলছে বলেও জানান তিনি।

দুপুরে নরসিংদী পুলিশ লাইন্সে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা প্রদত্ত ৬টি গাড়ি হস্তান্তর উপলক্ষে সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে পুলিশের সংখ্যা কম, প্রতি ১১৩৫ জনে পুলিশ একজন। তারপরও পুলিশের ভূমিকা সন্তোষজনক। পার্শ্ববর্তী দেশ ভারতে ৭৩০ জনে একজন পুলিশ রয়েছে।

“আমরা চেষ্টা করছি ৮০০ জনে এক জন পুলিশ করতে, তাই রিক্রুটমেন্ট করা হচ্ছে,” বলেন তিনি।

র‌্যাব বন্ধে বিভিন্ন মহলের দাবির ব্যাপারে তিনি বলেন, সমাজে এখনো অনেক অপরাধী রয়েছে। তাদের শাস্তির জন্য র‌্যাবের প্রচুর অর্জন আছে। র‌্যাব ইতিমধ্যে হবিগঞ্জ থেকে প্রচুর অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করেছে।

ফেনী, লক্ষ্মীপুর, নারয়নগঞ্জসহ বিভিন্ন ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান।

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃংঙ্খলা রক্ষায় দেশ এগিয়ে যাচ্ছে।

পুলিশ লাইন্সে গাড়ি দেয়ায় তিরি থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লাকে ধন্যবাদ জানান।

নরসিংদীর পুলিশ সুপার শেখ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম হিরু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি একেএম শহিদুল হক, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, নরসিংদী জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা, নরসিংদী কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবদুছ ছাত্তার প্রমুখ ।