২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাবজ্জীবন পাওয়া এসপি হাই কোর্টে খালাস

ঘুষ গ্রহণের দায়ে নিম্ন আদালতে যাবজ্জীবন পাওয়া সাবেক পুলিশ সুপার মোস্তফা কামালকে খালাস দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

এই আসামির আপিল আবেদনের চূড়ান্ত শুনানি করে বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ এই রায় দেয়।

আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর মাধ্যমে তার বিষয়ে দেয়া নিম্ন আদালতের পুরো রায় বাতিল হয়ে গেল। রায়ের পর আমি দুদককে জানিয়েছি, দুদক সিদ্ধান্ত দিলে আমরা আপিল করব।”

এস এ পরিবহনের মালিকের কাছে ৫০ লাখ টাকা ঘুষ দাবির মামলায় গত বছরের ১২ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জংশনের (জিআরপি) পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন।

রেল পুলিশের এই কর্মকর্তাকে ৩০ লাখ টাকা জরিমানাও করেন তিনি।

জরিমানার ৩০ লাখ টাকার মধ্যে ২৫ লাখ টাকা মামলার বাদি এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমেদকে এবং বাকি পাঁচ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

ওই দিন রায় ঘোষণার পরপরই মোস্তফা কামালকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামি মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ওহেদ মিয়াকে সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন এসপি কামাল। সেইসঙ্গে জামিনের আবেদনও করেন তিনি। গত জানুয়ারিতে হাই কোর্টে জামিন পাওয়ার পর কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। পরে আপিল বিভাগ জামিন বাতিল করে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২২ ডিসেম্বর এসএ পরিবহনের মালিক সালাউদ্দিন ২০ লাখ টাকাসহ সিলেট যাওয়ার পথে মাধপপুর থানার ওসি আতাউর রহমান ও উপ-পরিদর্শক ওহেদ মিয়া তাকে আটক করে। পরে পুলিশ কর্মকর্তা মোস্তফা কামাল আরো ৩০ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা সালাউদ্দিনের কাছে দাবি করেন।

টাকা দিতে অস্বীকার করায় মোস্তফা কামাল এসএ পরিবহনের মালিকের বিরুদ্ধে মাদক ও নারী পাচার আইনে মামলা দায়ের করেন।

এরপর সালাউদ্দিন ঢাকায় ফিরে তার বিরুদ্ধে করা মামলা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ওই মামলা খারিজ করে দেয়।

এরপর ঘুষ দাবির অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মোস্তফা কামাল ও ওহেদ মিয়ার বিরুদ্ধে মামলা করেন এস এ পরিবহনের মালিক।