একরাম হত্যা: মিনারকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় বিএনপি নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম খাইরুল আমিন এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার তাকে দ্বিতীয় দফায় একদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আদালতের নির্দেশে মিনার চৌধুরীকে দুপুরে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
একরামুল হক
এর আগে পুলিশ প্রথম দফায় পুলিশ হেফাজতে সাত দিন জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে গত মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় ৭ দিনের রিমান্ড চায় পুলিশ।
আদালত বুধবার বিকাল ৩টা পর্যন্ত পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়। ওই ২৪ ঘণ্টার হেফাজত শেষে বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে আবারো রিমান্ডের আবেদন করা হয়।
কিন্তু আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় এবং প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়।
মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনার ফেনী জেলা তাঁতী দলের আহবায়ক। একরাম হত্যা মামলায় গোয়েন্দ পুলিশ তাকে গত ২৭ মে ঢাকা থেকে গ্রেপ্তার করে।
একরাম হত্যায় জড়িত এ পর্যন্ত ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২০ মে সকালে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
