চার খুন: আতাইকুলা থানার ওসিকে প্রত্যাহার
একটি বাজারে সন্ত্রাসী হামলায় চারজন নিহত হওয়ার পর পাবনার আতাইকুলা থানার ওসি আকরাম হোসেনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
গত শনিবার জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের পুষ্পপাড়া বাজারে কুপিয়ে ও গুলি করে চারজনকে হত্যা করা হয়।
ওইদিন রাত সাড়ে ৮টার দিকে বাজারে ওই চার জন চায়ের দোকানে বসে থাকার সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাত ও গুলিতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। পরদিন সকালে গুলিবিদ্ধ অপর জনকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আতাইকুলা থানায় গত সোমবার ৩৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ২৫ জনকে আসামি করে একটি মামলা হয়। এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
