ফেনীতে যুবলীগ নেতা খুন
ফেনীর সোনাগাজী উপজেলায় যুবলীগের এক নেতা খুন হয়েছেন।
সোনাগাজী থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, বুধবার ভোররাতে নিজ গ্রামের তাকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত জসিম উদ্দিন (৩৫) উপজেলার চর দরবেশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, একই ওয়ার্ড যুবলীগের কর্মী মোহাম্মদ সুমন (২৮), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কর্মী নিজাম উদ্দিন, জাহিদুল ইসলাম ও সাইদ ফরিদ।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার মধ্যরাতে জসিমকে যুবলীগ কর্মী সুমন বাড়ির পাশের একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে কিছুদুর যাওয়ার পর সুমনের পরিকল্পনায় আগে থেকে অবস্থান নিয়ে থাকা ১০/১২ জন জসিমকে কুপিয়ে আহত করে। এ সময় জমিসও সুমনকে মারধর করলে উভয়ে গুরুতর আহত হয়।
খবর পেয়ে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে আহত জসিম ও সুমনকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।
সুমনকে পুলিশ পাহারায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুপুরে জসিমের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জসিমের স্ত্রী ফাতেমা আক্তার ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় আরো ১৩/১৪ জনকে আসামি সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।
