২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিয়োগে বিধিমালা হচ্ছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (কর্মচারী ও কর্মকর্তা) নিয়োগে বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 11:06 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির পঞ্চদশ সভায় এই বিধিমালাটি চূড়ান্ত হতে পারে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দপ্তর থেকে জনবল সংযুক্তির মাধ্যমে কার্যক্রম চলছে।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে উপস্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার-সংক্ষেপে বলা হয়েছে, “জনগুরুত্বপূর্ণ কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন করতে এই তদন্ত সংস্থায় নিয়মিত জনবল নিয়োগ করা একান্ত আবশ্যক।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতিক্রমে গত বছরের ৬ জুন ২৫টি দ্বিতীয় শ্রেণির, ২০০টি তৃতীয় শ্রেণির এবং ৪৭টি চতুর্থ শ্রেণিসহ ২৮৯টি পদ সৃজনের সরকারি মঞ্জুরির আদেশ হয়।

খসড়া বিধিমালায় বলা হয়েছে, সরাসরি নিয়োগ, পদোন্নতি এবং প্রেষণে বদলির মাধ্যমে তদন্ত সংস্থায় নিয়োগ দেয়া যাবে। তবে তফসিলে উল্লিখিত বয়সসীমার মধ্যে এদের নিয়োগ দিতে হবে।

তবে কোনো ব্যক্তি এডহকভিত্তিতে আগে থেকেই নিয়োগ পেলে তার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা শিথিলের প্রস্তাব করা হয়েছে।

বুধবারের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির আলোচ্যসূচিতে দেখা যায়, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে অধিদপ্তরের রূপান্তর; সিলেট, রংপুর ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনসহ ১০টি বিষয় রয়েছে।