২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম রেল স্টেশনে ছিনতাইকারীর কবলে পুলিশ

বাড়ি যেতে চট্টগ্রাম রেল স্টেশনে এসে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক পুলিশ কনস্টেবল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 09:12 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

মঙ্গলবার বিকালে এই ছিনতাইয়ের পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে।

ওই ছয়জনের কাছে একটি ছোরা এবং ছিনিয়ে নেয়া দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানিয়েছেন।

গ্রেপ্তার ছয়জন হলেন- শাহাবুদ্দিন (২৫), আনোয়ার (২০), বাদশা (২২), শাহীন (১৮), সুমন (১৮) ও রুবেল (১৭)।

বান্দরবানে কর্মরত পুলিশ কনস্টেবল সাদেকুর রহমান ছুটিতে নিজের বাড়ি গাইবান্ধার যেতে টিকিট কিনতে রেল স্টেশনে গিয়েছিলেন।

টিকিট না পেয়ে ফেরার পথে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন বলে পুলিশ কর্মকর্তা বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন,“টিকেট না পেয়ে ফিরে আসার সময় স্টেশনের পশ্চিম পাশের প্রবেশ পথের কাছে দুজন ‘টিকিট আছে’ বলে তাকে একপাশে ডেকে নেয়।

“এসময় আরো দুই ছিনতাইকারী এসে যোগ দেয়। তারা ছোরা দেখিয়ে কনস্টেবলের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।”

পালিয়ে যাওয়ার সময় কনস্টেবল সাদেকুরের চিৎকারে আশেপাশে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে ছয় ছিনতাইকারীকে ধরে ফেলে বলে জানান পুলিশ কর্মকর্তা বাবুল।

তিনি বলেন, এ ছিনতাইকারী চক্রটি নগরীর রেল স্টেশন, বিআরটিসি বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে।