সরকারি কাজে বাধা দেয়ায় ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি খাস জমি জরিপে বাধা দেয়ায় এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তাড়াশের ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ রায়হান কবীর জানান, সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেলাল হোসেনকে (৫৮) সাজা দেয়ার পর মঙ্গলবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বেলাল উপজেলার দেশীগ্রামের হামিদুর রহমানের ছেলে।
ইউএনও রায়হান কবীর বলেন, সোমবার বিকালে ভূমি অফিসের তহসিলদার জাহাঙ্গীর হোসেন দেশীগ্রামে একটি সরকারি খাস জমি জরিপ করতে যান। এসময় বেলাল তাকে মারধর করে বেঁধে রাখে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল আটক করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার ও বেলালকে আটক করে। এরপর রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ড দেয়া হয়।
