সীতাকুণ্ডে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডের কদমরসূলে একটি শিপইয়ার্ডে পুরনো জাহাজ কাটার সময় পড়ে গিয়ে মারা গেছেন এক শ্রমিক।
রোববার সন্ধ্যায় কদমরসূল এলাকার এস এইচ এন্টারপ্রাইজ নামক ইয়ার্ডে এ দুর্ঘটনায় আহত শ্রমিক মো. মহিউদ্দিন (২২) গভীর রাতে হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
মহিউদ্দিন কক্সবাজারের মহেশখালী উপজেলার কামাল উদ্দিনের ছেলে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজ কাটার সময় মহিউদ্দিন পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় তার গায়ে সুরক্ষা পোশাক ছিল না।
তিনি জানান, গুরুতর আহতাবস্থায় মহিউদ্দিনকে প্রথমে আলামীন হাসপাতাল এবং পরে নগরীর সার্জিস্কোপ হাসপাতালে নিয়ে যাওয়ার পর গভীর রাতে তার মৃত্যু হয়।
মহিউদ্দিন এসএইচ এন্টারপ্রাইজের ইয়ার্ডে কাজ করতেন।
এর আগে গত ৩ এপ্রিল এস এইচ এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান আরেফিন এন্টারপ্রাইজ নামে অপর একটি ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় চার শ্রমিক নিহত হয়েছিলেন।
পুলিশ কর্মকর্তা আমিনুল জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে।
