২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:18 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

এদিকে গ্যাস সংযোগ বৈধ করে দেয়ার কথা বলে একটি চক্র গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর অভিযোগ চক্রটি গ্রাহকদের কাছ থেকে রাইজার প্রতি ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকা নিয়েছে। এভাবে প্রায় দুই হাজার পরিবারে অবৈধ সংযোগ দিয়েছিল একশ্রেণির অসাধু ঠিকাদার এবং এই দালাল চক্র।

সোমবার থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব বাসাবাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে টানা তিন দিনের জন্য এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে তিসাস গ্যাস জোনাল বিপনন অফিস টাঙ্গাইল ও ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল জেলা তিতাস গ্যাস জোনাল অফিসের ম্যানেজার সুরুজ আলম জানান, কিছু অসাধু ব্যক্তি মির্জাপুরে গত তিন মাস ধরে বিভিন্ন স্পটে মূল লাই থেকে চোরাই পথে প্রায় ২ হাজার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে।

ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার শুভুল্লা, পুষ্টকামুরি, আন্ধরা, পালপাড়া, সরিষাদাইড়, সাহাপাড়া মুসলিম পাড়া, কান্ঠালিয়া, কুতুববাজার, মির্জাপুর বাজার, বাইমহাটি, কুমারজানি, চরপাড়া, গোড়াইল, দেওহাটা, গোড়াই, হাটুভাঙ্গা, ধেরুয়াসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়েছে।

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরণের জন্য অভিযানে নামে।

অভিযান চলাকালে তিতাস গ্যাস জোনাল বিপনন অফিস টাঙ্গাইলের ব্যাবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, উপ-ব্যাবস্থাপক বরুণ কুমার রায়, মাহবুব আলম ও টাঙ্গাইল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ মাহমুদ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মির্জাপুর থানায় দুটি মামলা করা হয়েছে বলে ম্যানেজার সুরুজ আলম জানান।

অবৈধ গ্যাস সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান  চলবে বলে তিনি জানান।