২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধার প্রতিবাদে সমাবেশের ডাক জাগরণ মঞ্চের

আইন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

জামায়াতে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে আইন মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তি ও পুলিশের লাঠিপেটায় মঞ্চের দুই কর্মী আহত হন।

এরপর দোয়েল চত্বরে অবস্থান নিয়েই বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

সেখান থেকেই শুক্রবার রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এছাড়া সন্ধ্যায় শাহবাগ থেকে প্রতিবাদ মিছিলের ঘোষণাও দেন তিনি।

যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি ও জামায়াত নিষিদ্ধের দাবি জানিয়ে এ বিষয়ে সরকারের ‘আন্তরিকতা’ প্রত্যাশা করেন ইমরান।

সরকারের মধ্যে কোনো মহল জামায়াতকে বাঁচানোর চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, আমরা কেন তার প্রতি আস্থা রাখতে পারছি না। আমি বলতে চাই আমরা আস্থা রেখেছি বলেই এখনো আন্দোলন করছি। না হলে কিভাবে সরকারকে টেনে ক্ষমতা থেকে নামাতে হয় তা আমাদের জানা আছে।

“মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আমাদের আস্থা নষ্ট করবেন না। যে সব বুদ্ধিজীবী যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছে তাদের ছেঁটে ফেলুন। সেসব বুদ্ধিজীবীর ভূত নামিয়ে ফেলুন।”

বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর  দিকে ইঙ্গিত করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “একজন মন্ত্রী কিছুদিন আগে বলেছে, যারা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করছে তারা বিচার বাধাগ্রস্ত করতে চায়। যে মন্ত্রী ফুল নিয়ে জামায়াত নেতাদের বরণ করে নেন তার কাছে গণজাগরণ মঞ্চকে মুক্তিযুদ্ধের চেতনা শিখতে হবে না।”

যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে লাখো মানুষের সমাবেশের কথা স্মরণ করিয়ে ইমরান বলেন, “গণজাগরণ মঞ্চের শক্তি এক বছরেই ভুলে গেছেন? ভেবেছেন পুলিশ দিয়ে পিটিয়ে, দলীয় পেটোয়া বাহিনী দিয়ে পিটিয়ে, বিভাজন সৃষ্টি করে গণজাগরণ মঞ্চ শেষ হয়ে গেছে।

“এখনো সময় আছে জামায়াত-শিবিরের বিষয়ে আপনাদের অবস্থান থেকে সরে আসুন। অন্যথায় আরেক দফা রাস্তায় নামলে এর মূল্য রাজনৈতিক ব্যক্তিদেরই দিতে হবে।”

যারা জামায়াতকে রক্ষা করতে চায় ‘ইতিহাসের আস্তাকুড়ে’ তাদের অবস্থান হবে বলেও মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা এবং বিচার করা আপাতত সম্ভব নয়।

মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। ওইদিন শাহবাগে মঞ্চের সমাবেশ থেকে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের জন্য ২ জুন পর্যন্ত সময় বেধে দেয়া হয়। অন্যথায় আইন মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি দেয়া হয়।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে শাহবাগ থেকে মিছিল নিয়ে আইন মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যায় গণজাগরণ মঞ্চের কর্মীরা।

পথে দোয়েল চত্বরে তাদের পথ আটকায় পুলিশ। বাধা উপক্ষো করে সচিবালয়ের দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে মঞ্চের কর্মীদের ধস্তাধাস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে বলে মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ জানান।

এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আহত হন বলে জানান তিনি।

তবে লাঠিপেটার অভিযোগ নাকচ করে মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, ‘ব্যারিকেড’ পেরোনো কয়েকজনকে সরিয়ে দিতে গিয়ে মঞ্চের কর্মীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।

“সেখানে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।”

মিছিলে বাধা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, “শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত গণজাগরণ মঞ্চের মিছিলের সামনে-পেছনে পুলিশ পাহারা ছিল।

“যেহেতু সচিবালয়ে তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তার নিরাপত্তার বিষয় রয়েছে, এজন্য আমরা দোয়েল চত্বরেই তাদের কর্মসূচি পালন করতে বলি।”

পরে দোয়েল চত্বরে পুলিশ বেরিকেডের সামনে বসে পড়ে স্লোগান দিতে থাকে গণজাগরণ মঞ্চের কর্মীরা। বেলা ২টা পর্যন্ত সেখানে বিক্ষোভ করে তারা।

পুরনো খবর:

গণজাগরণের মিছিলে পুলিশের বাধা