২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণের মিছিলে পুলিশের বাধা

জামায়াতে ইসলামীর বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:03 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

এ সময় ধস্তাধস্তি ও পুলিশের লাঠিপেটায় মঞ্চের দুই কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় তাদের মন্ত্রণালয় অভিমুখী মিছিল আটকে দেয় পুলিশ।

বাধা উপক্ষো করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে মঞ্চের কর্মীদের ধস্তাধাস্তি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে বলে মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ জানান।

এতে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম জিলানী শুভ ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আহত হন বলে জানিয়েছেন তিনি।

তবে লাঠিপেটার অভিযোগ নাকচ করে মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, ‘ব্যারিকেড’ পেরোনো কয়েকজনকে সরিয়ে দিতে গিয়ে মঞ্চের কর্মীদের সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে।

“সেখানে কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি।”

মিছিলে বাধা দেয়া প্রসঙ্গে তিনি বলেন, “শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত গণজাগরণ মঞ্চের মিছিলের সামনে-পেছনে পুলিশ পাহারা ছিল।

“যেহেতু সচিবালয়ে তখন প্রধানমন্ত্রী ছিলেন এবং তার নিরাপত্তার বিষয় রয়েছে, এজন্য আমরা দোয়েল চত্বরেই তাদের কর্মসূচি পালন করতে বলি।”

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মামলা এবং বিচার  করা আপাতত সম্ভব নয়।

মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাহারের দাবিতে শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে মিছিল সমাবেশ করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে আন্দোলনে থাকা গণজাগরণ মঞ্চ।

ওইদিন শাহবাগে জাগরণের মঞ্চের সমাবেশ থেকে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের জন্য ২ জুন পর্যন্ত সময় বেধে দেয়া হয়। অন্যথায় আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

বাকী বিল্লাহ জানান,পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে মঞ্চের কর্মীরা শাহবাগে সমবেত হন।

“বেলা ১২টার দিকে আমরা মিছিল নিয়ে আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু দোয়েল চত্বরে পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয়।”

মঞ্চের কর্মীরা বাধা উপেক্ষা এগোতে চাইলে পুলিশের সঙ্গে প্রথমে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে বলে জানান তিনি।

পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। বেলা ২টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানান বাকী বিল্লাহ।

পুরনো খবর:

সিদ্ধান্ত ট্রাইব্যুনালকে নিতে দিন: শফিক