২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৪ খুনের মামলায় আসামি বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা

পাবনার আতাইকুলায় সন্ত্রাসীর গুলিতে চারজন নিহতের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ অর্ধশতাধিক লোককে আসামি করে একটি মামলা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

হত্যাকাণ্ডের দুই দিন পর সোমবার ভোররাতে আতাইকুলা থানায় মামলাটি করেন নিহত সুলতান মাহমুদের ভাই জহুরুল ইসলাম।    

নিহতদের দলীয় কর্মী দাবি করে হত্যাকাণ্ডের পরপরই আওয়ামী লীগ নেতারা এজন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেন। তবে বিএনপি নেতারা বলেন, ক্ষমতাসীন দলের অন্তঃকোন্দলেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

আতাইকুলা থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে আতাইকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মনা এবং পাশের একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা লোকমান হোসাইনের নাম রয়েছে।

আরো রয়েছে- বাবলু, রকিব, নুরুজ্জামান, মমিন, কিয়াম উদ্দিন, আনোয়ার, নাজমুল, সাইফুল, ইউনুস, রাজ্জাক, মজিদ ও মাসুদের নাম।

পুলিশ এই পর্যন্ত ১২ জনকে আটক করলেও এজাহারে উল্লিখিত আসামিদের কেউ এখনো গ্রেপ্তার হননি। গ্রেপ্তারের নামে নিরীহ গ্রামবাসীকে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানিয়েছে, সোমবার ভোরে মধুপুর গ্রামে এক বাড়ি থেকে কয়েকজনকে আটক করে আনা হলেও পুলিশ তা স্বীকার করছেন না।

গত দুই দিনে ওই এলাকার লোকজনকে আটক করে আবার উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এখন পর্যন্ত আতাইকুলা, পাবনা সদর, সুজানগর, আটঘরিয়া থানায় অভিযান চালিয়ে পুলিশ চরমপন্থিসহ ১২ জনকে আটক করেছে।

Image
পাবনায় সন্ত্রাসীদের হামলায় নিহতদের ঘরে কান্নার রোল।

পাবনায় সন্ত্রাসীদের হামলায় নিহতদের ঘরে কান্নার রোল।

শনিবার রাতে আতাইকুলায় ঢাকা-পাবনা মহাসড়কে পুষ্পপাড়া বাজারে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে ধর্মগ্রামের সুলতান মাহমুদ ও ফজলুর রহমান ফজলু এবং পাশের পীরগাছা গ্রামের আব্দুস সালামকে। পরের দিন ভোরে মারা যান রফিকুল ইসলাম নামে গুলিবিদ্ধ আরেকজন।

চরমপন্থিরা এ হামলা চালিয়েছিল বলে পুলিশের ধারণা। নিহতদের বিরুদ্ধেও চরমপন্থি দল সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

নিহতরা আওয়ামী লীগের কর্মী বলে শনিবারই জানিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্য ফারুক খন্দকার। 

অন্যদিকে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেছিলেন, তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত।

পুরনো খবর:

পাবনায় ৪ খুন নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ