পাবনায় ৪ খুন নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ
পাবনায় চারজনকে হত্যার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির দাবি, এটা ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ কোন্দলের ফল।
সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এই চারজনকে হত্যাকাণ্ডের পেছনে চরমপন্থিদের হাত রয়েছে বলে পুলিশ ধারণা করছে। নিহতদের বিরুদ্ধেও চরমপন্থি দল সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
রোববার বিকালে ধর্মগ্রামে জানাজার পর চারজনের দাফন হয়। জানাজায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য সামসুল হক টুকু, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স অংশে নেন।
এর আগে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা। বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরির্দশক খোরশেদ আলম দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
শনিবার রাতে পুষ্পপাড়া বাজারে মুখোশধারী সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে ধর্মগ্রামের সুলতান মাহমুদ ও ফজলুর রহমান ফজলু এবং পাশের পীরগাছা গ্রামের আব্দুস সালামকে।
হামলায় গুলিবিদ্ধ ধর্মগ্রামের রফিকুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার সময় রোববার ভোরে পথেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-পাবনা মহাসড়কে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল।
পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন কুমার চক্রবর্তী এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে বলেন, চরমপন্থিদের সঙ্গে যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অঞ্চলে আওয়ামী লীগের রাজনীতিকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা চরমপন্থি সংগঠনের সাথে আঁতাত করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
তবে আওয়ামী লীগ নেতা চন্দনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা বিএনপির সহসভাপতি একেএম মুছা বলেছেন, “পুষ্পপাড়া হাটের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।”
হত্যাকাণ্ডের পর থেকে পুষ্পপাড়া বাজারসহ ধর্মগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযানের মুখে বাড়ির পুরুষ মানুষদের অনেকেই এলাকা ছেড়ে গেছেন।
আতাইকুলা থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তালিকাভুক্ত ছয় চরমপন্থি সন্ত্রাসীসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এই হত্যাকাণ্ডে চরমপন্থিরা জড়িত বলে তার ধারণা।
